সাভারে চারজনের অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারে গত রোববার রাতে তিন নারীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এর মধ্যে দুজনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কে সৌন্দর্যবর্ধনের কাজ করার সময় ট্রাকচাপায় নিহত হন এক শ্রমিক।সাভার থানার উপপরিদর্শক (এসআই) রিপন বালা বলেন, সাভার পৌরসভার ভাগলপুর এলাকার একটি বাড়িতে ভাড়া থাকেন আরিফুর রহমান ও তাঁর স্ত্রী রেশমা বেগম (২৫)। সাত বছরের ছেলে কথা না শোনায় রোববার বিকেল পাঁচটায় তাঁকে মারধর করেন রেশমা। শিশু ছেলেকে মারধর করায় রেশমাকে ভর্ৎসনা করেন প্রতিবেশীরা। এরপর সন্ধ্যা সাতটার দিকে কীটনাশক পান করেন রেশমা। প্রতিবেশীরা তাঁকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে রাত ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।স্থানীয় লোকজন জানান, সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় থাকেন পোশাকশ্রমিক রহিমা বেগম (২৪)। তাঁর স্বামী ইউসুফ মিয়া মাঝেমধ্যে বাসায় আসতেন। এ নিয়ে উভয়ের মধ্যে ঝগড়া হতো।সাভার থানার এসআই মনিরুল ইসলাম বলেন, স্বামীর সঙ্গে কলহের জের ধরে রোববার রাত নয়টার পর কোনো এক সময় রহিমা ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। গতকাল সকালে প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে তাঁর লাশ উদ্ধার করা হয়। হত্যার পর পিষ্ট: রোববার দিবাগত রাত দেড়টার দিকে সাভারে মধুমতি মডেল টাউনের সামনে ঢাকা-আরিচা মহাসড়ক থেকে অজ্ঞাতনামা এক নারীর (২৫) লাশ উদ্ধার করে পুলিশ। সাভার থানার এসআই রাজিউর রহমান বলেন, ধারণা করা হচ্ছে, ওই নারীকে হত্যার পর লাশ মহাসড়কে ফেলে রাখা হয়েছিল। এরপর গাড়ির চাকায় পিষ্ট হয়ে শরীরের বিভিন্ন অংশ থেঁতলে গেছে।ট্রাকচাপা: স্বাধীনতা দিবস উপলক্ষে গতকাল সকাল ছয়টার দিকে সাভারের থানা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে সৌন্দর্যবর্ধনের কাজ করছিলেন শ্রমিক দারাজুল ইসলাম (১৮)। ওই সময় দ্রুতগতিসম্পন্ন একটি ট্রাক তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।