সাভারে চারটি কারখানাকে ৪৪ লাখ টাকা জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাসায়নিক পদার্থমিশ্রিত তরল বর্জ্য ফেলে বংশী নদীর পানি দূষিত করার দায়ে ঢাকার সাভারের চারটি শিল্পপ্রতিষ্ঠানকে ৪৪ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল রোববার এক অভিযানে এ জরিমানা করা হয়েছে বলে পরিবেশ অধিদপ্তর থেকে নিশ্চিত করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, নদীদূষণের অভিযোগের ভিত্তিতে গতকাল সাভারের কর্ণপাড়া এলাকায় বংশী নদীর তীরে অবস্থিত আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড, ব্লু টেক্স নিটওয়্যার লিমিটেড, আবেদীন টেক্সটাইল মিলস ও এফকেএন প্রিন্টিং মিলস নামের চারটি কারখানায় অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী। অভিযান পরিচালনাকালে কারখানা চারটি থেকে রাসায়নিক পদার্থমিশ্রিত তরল বর্জ্যে বংশী নদীর পানি দূষণের অভিযোগের সত্যতা মেলে।