সাভারে চালককে খুন, অটোবাইক ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের হেমায়েতপুরে এক চালককে খুন করে তাঁর ব্যাটারিচালিত অটোবাইক নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার সকালে হেমায়েতপুরের চামড়াশিল্প নগরের ভেতরে পুলিশ ফাঁড়ির কাছ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।অটোবাইকের নিহত চালকের নাম আমজাদ হোসেন (৬০)। তাঁর বাড়ি কুষ্টিয়ার ভেড়ামাড়ায়। থাকতেন হেমায়েতপুরের হরিণধরা এলাকায়।

সাভার মডেল থানার পুলিশ জানায়, আমজাদ প্রতিদিন ভোরে অটোবাইকে করে ইকবাল হোসেন নামের এক ব্যবসায়ীর ফুল পৌঁছে দিতেন হেমায়েতপুর বাসস্ট্যান্ডে। এরপর যাত্রী নিয়ে হরিণধরায় চলে আসতেন। গতকাল ভোররাত চারটার দিকে তিনি ফুল নিয়ে হেমায়েতপুরে যান। এর কয়েক ঘণ্টা পর সকাল আটটার দিকে পুলিশ ফাঁড়ি থেকে ১০০ গজ দূরে চামড়াশিল্প নগরের ভেতরে একটি নর্দমায় তাঁর রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে লোকজন ফাঁড়িতে খবর দেয়। খবর পেয়ে সাভার মডেল থানার পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

হত্যাকাণ্ডের ঘটনায় আমজাদের স্ত্রী বছিরন বেগম কারও নাম উল্লেখ না করে সাভার মডেল থানায় হত্যা মামলা করেছেন।মামলার তদন্ত কর্মকর্তা ও সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) ওয়ালী আশরাফ খান প্রথম আলোকে বলেন, দুর্বৃত্তরা আমজাদের মাথা ও হাতে ধারালো অস্ত্রের সাহায্যে একাধিক আঘাত করে হত্যা করে।