সাভারে চালু হলো এক টাকার দোকান

করোনাভাইরাসের কারণে লকডাউন প্রায় সারা দেশ। এর প্রভাবে কর্মহীন হয়ে পড়েছেন অনেকে। তাই সাধারণ অসহায় মানুষের জন্য লকডাউনের শুরু থেকেই কাজ করে আসছে সাভারের সামাজিক সংগঠন ছবিঘর।
আজ শনিবার থেকে শুরু হয়েছে পবিত্র রমজান মাস। রমজান মাস উপলক্ষে তারা শুরু করেছে ব্যতিক্রমী কার্যক্রম।
সাভারে তারা স্থাপন করেছে ‘এক টাকার দোকান’। এই দোকান থেকে যে কেউ এক টাকার বিনিময়ে ছোলা, মুড়ি, বেসন, ময়দা, চিনিসহ অনেক পণ্য ক্রয় করতে পারবেন।

ছবিঘরের এক স্বেচ্ছাসেবী মো. নবী বলেন, তাঁদের এই কার্যক্রম পুরো রমজান মাস চলবে। কেউ চাইলে ফোন করে এই পণ্য বাসায় হোম ডেলিভারি নিতে পারবেন।
আরেক স্বেচ্ছাসেবী সাকিব হাসান জানান, অসহায় মানুষের জন্য তাঁদের এই ব্যতিক্রমী কার্যক্রম।

আর এক টাকা নেওয়ার কারণ হিসেবে স্বেচ্ছাসেবী রাতুল ঘোষ বলেন, সাধারণ মানুষ যাতে মনে না করে এটা তাদের ত্রাণ বা দান করা হচ্ছে।
দোকানটির উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থার প্রধান প্রশিক্ষক তমা খন্দকার, ছবিঘরের সভাপতি প্রিন্স ঘোষ ও সহসভাপতি রাহাত বিন এনাম।