সাভারে চোলাই মদ তৈরির ৫১ ড্রাম কাঁচামাল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধলেশ্বরী নদী থেকে গতকাল উদ্ধার করা ড্রামে ভরা মদ তৈরির  কাঁচামাল l ছবি: প্রথম আলো
ধলেশ্বরী নদী থেকে গতকাল উদ্ধার করা ড্রামে ভরা মদ তৈরির কাঁচামাল l ছবি: প্রথম আলো

ঢাকার সাভারের ফিরীঙ্গাকান্দা বাজারের পাশ দিয়ে বয়ে গেছে ধলেশ্বরী নদী। মৃতপ্রায় নদীটির চরে স্থানীয় একটি চক্র দীর্ঘদিন ধরে চোলাই মদ তৈরি করে আসছিল। গতকাল শনিবার সেখানে অভিযান চালিয়ে চোলাই মদ তৈরির ৫১ ড্রাম তরল কাঁচামাল উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ফিরীঙ্গাকান্দা গ্রামের স্বপন মিয়া ও তাঁর মামা শাহীনসহ কয়েকজন দীর্ঘদিন ধরে নদীর চরে মদ তৈরি করে আসছিলেন। খবর পেয়ে পুলিশ গতকাল বেলা তিনটার দিকে সেখানে অভিযান চালায়। এ সময় চর থেকে কড়াই, ডেকচি, গ্যাসের সিলিন্ডার, চুলাও উদ্ধার করা হয়। পরে চরের কাছে নদীতে নেমে কচুরিপানার নিচ থেকে একে একে ৫১টি ড্রাম উদ্ধার করা হয়। ড্রামগুলো মদ তৈরির তরল কাঁচামালে ভর্তি ছিল। তবে অভিযান চলাকালে স্বপন ও তাঁর সহযোগীদের কেউ ঘটনাস্থলে ছিলেন না।
এ বিষয়ে তাঁদের বক্তব্য জানার জন্য স্বপন মিয়া ও তাঁর মামা শাহীনের বাড়ি গিয়েও তাঁদের পাওয়া যায়নি।
স্থানীয় ভাকুর্তা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের সদস্য দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, গভীর রাতে আখের গুড় ও নদীর পানির সঙ্গে রাসায়নিক মিশিয়ে সিলিন্ডার গ্যাসের চুলায় জ্বাল দিয়ে মদ তৈরি করা হতো। চুলার চারপাশে টিনের অস্থায়ী বেড়া দেওয়া হতো। এতে বাইরে থেকে সহজে চুলার আগুন কারও চোখে পড়ত না। এরপরও ওই চরে মদ তৈরির বিষয়টি এলাকার অনেকে জানতেন। কিন্তু এ ব্যবসায় জড়িত ব্যক্তিরা প্রভাবশালী হওয়ায় কেউ তাঁদের বিরুদ্ধে ভয়ে মুখ খুলতেন না। শেষমেশ পুলিশ বিষয়টি জানতে পেরে অভিযান চালায়।
জানতে চাইলে মানিকগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক সুজন কুমার রায় বলেন, চোলাই মদে শতকরা ৯৫ ভাগ মিথাইল অ্যালকোহল থাকে। এ কারণে যাঁরা দীর্ঘদিন ধরে এ মদ পান করেন, তাঁদের লিভার সিরোসিস হতে পারে। এ ছাড়া কিডনি সমস্যা, এমনকি হৃদ্রোগে আক্রান্ত হয়ে আকস্মিক মৃত্যুর আশঙ্কা থাকে।
ভাকুর্তা পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আলী আকবর বলেন, উদ্ধার করা ড্রামে যে তরল দ্রব্য ছিল, তা চোলাই মদ তৈরির কাঁচামাল। স্বপন ও তাঁর কয়েকজন আত্মীয় দীর্ঘদিন ধরে নদীর ওই চরে চোলাই মদ তৈরি করে ব্যবসা চালিয়ে আসছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তাঁরা গা ঢাকা দিয়েছেন। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।