সাভারে চৌবাচ্চার দেয়াল ধসে দুজন নিহত
ঢাকার সাভারের শ্যামপুর গ্রামে গত বুধবার রাতে চৌবাচ্চার দেয়াল ধসে দুজন নিহত হয়েছে।নিহত ব্যক্তিরা হলেন স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিক বাবু (২৪) ও রাজধানীর মিরপুরের প্রিন্স বেকারির শ্রমিক জনি (২৫)। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শ্যামপুর গ্রামের একটি বাড়ির ২০০ কক্ষে বিভিন্ন কারখানার অন্তত ৮০০ শ্রমিক ভাড়া থাকেন। তাঁদের গোসলের জন্য ২৫ ফুট লম্বা একটি চৌবাচ্চা তৈরি করে দেওয়া হয়।পুলিশ জানায়, কর্মস্থল থেকে ফিরে বাবু ও জনি বুধবার রাত ১০টার দিকে ওই চৌবাচ্চার পাশে বসে গোসল করছিলেন। এ সময় চৌবাচ্চার এক পাশের দেয়াল ধসে তাঁদের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই বাবু মারা যান। মুমূর্ষু অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর জনি মারা যান। এ ঘটনার প্রতিবাদে শ্রমিকেরা গতকাল বৃহস্পতিবার সকালে ওই বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন। ওই বাড়ির ভাড়াটিয়া মিজানুর রহমান বলেন, চৌবাচ্চায় ফাটল ধরায় তাঁরা বাড়ির ব্যবস্থাপক চান মিয়াকে মেরামত করার অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু সেটি মেরামত করা হয়নি। এতে এই প্রাণহানির ঘটনা ঘটেছে। ঘটনার পর বাড়ির মালিক ও ব্যবস্থাপক পালিয়ে যাওয়ায় তাঁদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। সাভার থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ রোমন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নির্মাণজনিত ত্রুটির কারণে চৌবাচ্চাটির এক পাশের দেয়াল ধসে প্রাণহানির ঘটনা ঘটে।