সাভারে ছাত্রদলের একাংশের সংবাদ সম্মেলন পণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারে গতকাল বুধবার ছাত্রদলের একাংশের ডাকা সংবাদ সম্মেলন পণ্ড করে দিয়েছে পুলিশ। প্রতিপক্ষের হামলা ঠেকাতে ছাত্রদলের নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে মহড়া দিলে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় ১১ জনকে আটক করা হলেও পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়।এলাকাবাসী ও সাভার থানা পুলিশ জানায়, আহ্বায়ক কমিটির নেতা-কর্মীরা গতকাল বিকেলে সাভার মাস্টার কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এতে প্রতিপক্ষের নেতা-কর্মীরা হামলা চালাতে পারেন, এই আশঙ্কায় তাঁরা সম্মেলনস্থলের বাইরে লাঠিসোঁটা হাতে মহড়া দিতে থাকেন। সংবাদ সম্মেলন শুরু হওয়ার আগে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১১ জনকে আটক করে থানায় নিয়ে যায়।আটক হওয়া ব্যক্তিরা হলেন শোভন (২৮), ফারুক (৩১), মাহফুজ (২৯), সোবহান (৩৫), সেন্টু (১৯), আসাদুজ্জামান (২৫), আবদুর রহিম (২৪), হাফিজুর (২৭), জুয়েল (২৩), রিপন (২৫) ও এরশাদ (২৭)।সাভার থানার ওসি মাহাবুবুর রহমান বলেন, লাঠিসোঁটা হাতে মহড়া দেওয়ার কারণে ১১ জনকে আটক করা হয়। কিন্তু অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত না হওয়ায় রাতে তাঁদের ছেড়ে দেওয়া হয়।