সাভারে ছাত্রদলের একাংশের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত ২০
ঢাকার সাভার বাজারের বাসস্ট্যান্ড এলাকায় গতকাল সোমবার ছাত্রদলের একাংশের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় ঢাকা-আরিচা মহাসড়কে প্রায় আধা ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।সাভার থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সমপ্রতি সাভার ও আশুলিয়া থানা এবং সাভার পৌর ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। বাদ পড়া নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়ে পাল্টা কমিটি ঘোষণা করেন। গতকাল দুপুর ১২টার দিকে পাল্টা কমিটির নেতা-কর্মীরা সাভার বাজার বাসস্ট্যান্ডের রানা প্লাজার সামনে থেকে আনন্দ মিছিল বের করেন। মিছিলটি ঢাকা-আরিচা মহাসড়ক হয়ে বিএনপির সাবেক সাংসদ সালাউদ্দিন বাবুর বাসার সামনে গেলে পুলিশ বাধা দেয়। ক্ষুব্ধ হয়ে নেতা-কর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পুলিশ লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এতে অন্তত ২০ জন আহত হন।সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, অনুমতি না নিয়ে মিছিল বের করায় বাধা দেওয়া হয়। মিছিলকারীরা বাধা উপেক্ষা করে পুলিশের ওপর চড়াও হলে লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।