সাভারে ছাত্রদলের চার কমিটি নিয়ে বিরোধ
ঢাকার সাভার উপজেলার আশুলিয়া, সাভার থানাসহ পৌর ও কলেজ শাখার কমিটি গঠন নিয়ে ছাত্রদলের নেতা-কর্মীরা দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন। পাল্টাপাল্টি কমিটি গঠন করে উভয় পক্ষের নেতা-কর্মীরা বিরোধে জড়িয়ে পড়েছেন। দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটছে।দলীয় সূত্রে জানা গেছে, স্থানীয় অধিকাংশ নেতা-কর্মীর মতামত না নিয়ে ঢাকা জেলা ছাত্রদল ১২ আগস্ট সাভার, আশুলিয়া থানাসহ সাভার পৌর ও কলেজ শাখার কমিটি গঠন করে। এসব কমিটিতে একজন করে আহ্বায়ক এবং দুজন করে যুগ্ম আহ্বায়ক রাখা হয়েছে। এর প্রতিবাদে স্থানীয় নেতা-কর্মীরা একজোট হয়ে ওই সব স্থানে পাল্টা চারটি কমিটি ঘোষণা করে কার্যক্রম শুরু করেছেন।দলীয় সূত্রে জানা গেছে, ১২ আগস্ট রেজাউল করিমকে আহ্বায়ক করে তিন সদস্যবিশিষ্ট সাভার থানা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। একই দিন আসাদুজ্জামান মোহনকে আহ্বায়ক করে তিন সদস্যবিশিষ্ট আশুলিয়া থানা ছাত্রদল, আসাদুজ্জামান টিটুকে আহ্বায়ক করে তিন সদস্যবিশিষ্ট সাভার পৌর ছাত্রদল এবং এমদাদুল হককে আহবায়ক করে সাভার কলেজ শাখা ছাত্রদলের তিন সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।এসব কমিটি পকেট ও অবৈধ কমিটি—এমন অভিযোগ এনে পরের দিনই ইমতিয়াজ আহাম্মেদকে সভাপতি ও তালাত মাহমুদকে সাধারণ সম্পাদক করে সাভার থানা কমিটি, আবদুল মালেককে সভাপতি ও আবু হানিফকে সাধারণ সম্পাদক করে আশুলিয়া থানা কমিটি, সাইফুল ইসলামকে সভাপতি ও সুরুজ্জামানকে সাধারণ সম্পাদক করে সাভার পৌর ছাত্রদল এবং শাহ নেওয়াজকে সভাপতি ও তানিম ভূঁইয়াকে সাধারণ সম্পাদক করে সাভার কলেজ শাখা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়।জানা গেছে, পাল্টাপাল্টি এই কমিটি ঘোষণার পর উভয় পক্ষের নেতা-কর্মীরাই নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে নেমেছেন। আশুলিয়া থানা ছাত্রদলের আহ্বায়ক কমিটির নেতা-কর্মীরা ১৩ আগস্ট রাতে আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় আনন্দ মিছিল বের করেন। খবর পেয়ে প্রতিপক্ষের নেতা-কর্মীরাও পাল্টা মিছিল বের করেন। রাত আটটার দিকে মিছিল দুটি মুখোমুখি হলে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়।১৬ আগস্ট আহ্বায়ক কমিটির বিপক্ষের নেতা-কর্মীরা সাভার বাজার বাসস্ট্যান্ডে আনন্দ মিছিল বের করলে পুলিশ লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। ১৮ আগস্ট আহ্বায়ক কমিটির নেতা-কর্মীরা সাভার মাস্টার কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন ডাকলে প্রতিপক্ষের নেতা-কর্মীরা তাঁদের ওপর হামলার প্রস্তুতি নেন। এমন খবর পেয়ে সংবাদ সম্মেলন আহ্বানকারীরা লাঠিসোঁটা নিয়ে মহড়া দিতে থাকলে পুলিশ সেখান থেকে ১১ জন কর্মীকে গ্রেপ্তার করে। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। পূর্ণাঙ্গ কমিটির দাবিদার আশুলিয়া থানা ছাত্রদলের আহ্বায়ক আবদুল মালেক অভিযোগ করেন, দলের অধিকাংশ নেতা-কর্মীর মতামতের তোয়াক্কা না করেই ঘরে বসে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে, যাঁদের কারোরই ছাত্রত্ব নেই এবং অধিকাংশই ব্যবসায়ী।অপরদিকে সাভার থানা ছাত্রদলের আহ্বায়ক কমিটির আহ্বায়ক রেজাউল করিম বলেন, ‘আমাদের কমিটি ঘোষণা করেছে ঢাকা জেলা ছাত্রদল এবং গঠনতন্ত্র অনুযায়ী উপজেলা, থানা, পৌর কমিটিসহ কলেজ কমিটি ঘোষণার এখতিয়ার জেলা কমিটিরই। আমাদের প্রতিপক্ষের কিছু নেতা-কর্মী ঘরে বসে মনগড়া কমিটি ঘোষণা করেছেন, যা দলীয় শৃঙ্খলা ভঙ্গের সামিল।’ ঢাকা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইয়াসিন ফেরদৌস বলেন, ‘এই কমিটি ব্যর্থ হলে পুনরায় কমিটি গঠন করা হবে।’