সাভারে ছাত্রদলের নেতা খুন, ভাঙচুর অবরোধ অগ্নিসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভার পৌর এলাকার ডগরমুড়া মহল্লায় গতকাল মঙ্গলবার রবিন খান (২২) নামে ছাত্রদলের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে পিটুনি দেয়। তারা ওই ব্যক্তির বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।এ ঘটনার জের ধরে পুলিশের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ হয়। বিক্ষুব্ধ জনতা ঢাকা-আরিচা মহাসড়কে গিয়ে যানবাহন ভাঙচুর করে। পরে পুলিশ লাঠিপেটা করে জনতাকে ছত্রভঙ্গ করে দেয়। রবিন খান ডগরমুড়া মহল্লার সোলায়মান খানের ছোট ছেলে। তিনি সাভার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন।সাভার থানা পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্যমতে, গতকাল বেলা আড়াইটার দিকে রবিন মুঠোফোনে একটি কল পেয়ে একই এলাকার বাসিন্দা সেলিমের বাসায় যান। এরপর সেলিম রবিনকে তার শয়নকক্ষে নিয়ে আরও তিন বন্ধুর সহায়তায় চায়নিজ কুড়াল দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। স্থানীয় সূত্র জানায়, এ সময় রবিনের চিৎকারে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে স্থানীয় রাবেয়া ক্লিনিকে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে ঘণ্টা খানেক পর তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। রবিনের মৃত্যুর পর বিকেল চারটার দিকে স্থানীয় লোকজন তাঁর লাশ ডগরমুড়া নিয়ে যায়। খবর পেয়ে লোকজন জড়ো হয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ করতে থাকে। একপর্যায়ে তারা সেলিমের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। ওই সময় সে তার কক্ষে ছিল। জনতা দরজা ভেঙে তাকে বের করে এনে পিটুনি দিয়ে বাসায় আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ অচেতন অবস্থায় সেলিমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বিক্ষুব্ধ জনতা সেলিমের নানা আবদুল মজিদকেও মারধর করে। স্থানীয় লোকজন জানায়, বিকেল পাঁচটার দিকে পুলিশ ময়নাতদন্তের জন্য রবিনের লাশ আনতে গেলে জনতা বাধা দেয়। এ সময় তারা রাস্তায় বাঁশ ও কাঠে আগুন ধরিয়ে অবরোধ সৃষ্টি করে। পরে পুলিশ জনতার দাবির মুখে লাশ নিয়ে থানা পর্যন্ত মিছিল করার অনুমতিসহ হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তারা অবরোধ তুলে নেয়। পরে লাশ নিয়ে মিছিল করে ঢাকা-আরিচা মহাসড়কে ওঠার পর পরই মিছিল থেকে যানবাহন ভাঙচুর করতে থাকে। এ সময় পুলিশ বাধা দিলে জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষ বেধে যায়। পুলিশ লাঠিপেটা করে লোকজনকে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় জনতাও পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। প্রায় আধা ঘণ্টা সংঘর্ষ চলাকালে তারা কমপক্ষে ২০টি গাড়ি ভাঙচুর করে। রবিনের বাবা সোলায়মান খান জানান, তাঁর ছেলে বাসাতেই ছিল। বেলা দেড়টার দিকে মুঠোফোনে কল পেয়ে সে বের হয়ে যায়। এর ঘণ্টা খানেক পর তিনি জানতে পারেন মুমূর্ষু অবস্থায় তাঁর ছেলেকে হাসপাতালে নেওয়া হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানান, রবিন ওই বাসায় পৌঁছার পর সেলিমের কক্ষে গিয়ে বসেন। ওই কক্ষে আগে থেকেই সেলিমসহ আরও কয়েকজন ছিল। রবিন কক্ষে ঢোকার কিছুক্ষণ পর বাগিবতণ্ডার একপর্যায়ে চিৎকার শুরু করেন। এ সময় তিন যুবক ওই কক্ষ থেকে বের হয়ে দৌড়ে পালিয়ে যায়।সেলিমের নানা আবদুল মজিদ দাবি করেন, তাঁর নাতি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নয়।সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে। তার জ্ঞান ফিরলেই হত্যার উদ্দেশ্য ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করা যাবে।