সাভারে ছিনতাইয়ের পর এক নারীকে হত্যার চেষ্টা
মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার জয়মণ্ডব উচ্চবিদ্যালয়ের শৌচাগার থেকে এক গৃহবধূকে (৪০) অচেতন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। তাঁকে গলা কেটে হত্যার চেষ্টা করা হয়েছিল বলে পুলিশ জানিয়েছে। সিঙ্গাইর থানার পুলিশের ভাষ্যমতে, গত বৃহস্পতিবার দুর্বৃত্তরা কৌশলে নেশাজাতীয় পানীয় পান করিয়ে সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড থেকে ওই নারীকে অপহরণ করে। এরপর দুর্বৃত্তরা তাঁর কাছে থাকা স্বর্ণালংকার ও অর্থ লুটে নিয়ে গলা কেটে তাঁকে জয়মণ্ডব উচ্চবিদ্যালয়ের শৌচাগারের ভেতরে ফেলে চলে যায়। খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার বেলা একটার দিকে ওই নারীকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়।ওই গৃহবধূর স্বামী বলেন, ছিনতাইয়ের উদ্দেশ্যে দুর্বৃত্তরা তাঁর স্ত্রীকে অপহরণ করে। পরে ধরা পড়ার ভয়ে হত্যার চেষ্টা চালায়।সিঙ্গাইর থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।