সাভারে ছুরিকাঘাতে যুবক খুন
ঢাকার সাভার উপজেলার ব্যাংক টাউন এলাকায় গত মঙ্গলবার রাতে রাশেদুল ইসলাম (৩৬) নামের এক যুবক ছুরিকাঘাতে খুন হয়েছেন। এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রবিউল ইসলাম (৩৪) ও আবদুল বাতেন (৩৫)।
রাশেদুলের বাড়ি সাভারের উলাইল এলাকায়। তিনি বাসচালকের সহকারী হিসেবে কাজ করতেন।
পুলিশ সূত্র জানায়, রবিউল ও বাতেন মঙ্গলবার রাত ১০টার দিকে রাশেদুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর তাঁরা রাশেদুলকে ব্যাংক টাউনের ভেতর অবস্থিত আনসার ক্যাম্পের পাশে নিয়ে যান। বাগিবতণ্ডার একপর্যায়ে তাঁরা রাশেদুলকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে এক রিকশাচালক রাশেদুলকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন। সেখান থেকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এ ব্যাপারে রাশেদুলের বড় ভাই জালাল মিয়া গতকাল বুধবার সাভার মডেল থানায় হত্যা মামলা করেছেন। মামলায় রবিউল, বাতেনসহ অজ্ঞাতনামা আরও চারজনকে আসামি করা হয়েছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, মাদক ব্যবসার ভাগ-বাঁটোয়ারা নিয়ে দ্বন্দ্বের জেরেই রাশেদুল খুন হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।