সাভার বাসস্ট্যান্ডে দায়িত্ব পালনকালে দায়িত্বে অবহেলার অভিযোগে ছয় ট্রাফিক পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে তাঁদের ঢাকা জেলা পুলিশ লাইনে ফিরিয়ে আনা হয়। সাভার ট্রাফিকের একাধিক দায়িত্বশীল সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন স্থানে সফর শেষে ঢাকায় ফেরার পথে গত মঙ্গলবার সাভার বাসস্ট্যান্ডে যানজটের কবলে পড়েন পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারসহ আরও কয়েকজন ভিআইপি। এ সময় যানবাহন নিয়ন্ত্রণের দায়িত্বে ছিলেন সাভার ট্রাফিকের হাবিলদার রফিকুল ইসলাম, কনস্টেবল সুলতান নাসির, বাবুল মিয়া, আবদুল কাইয়ুম, ফখরুল ইসলাম ও মো. শাজাহান। প্রতিমন্ত্রী ছাড়াও আরও কয়েকজন ভিআইপিকে বিকেল থেকে রাত পর্যন্ত যানজটে আটকে থেকে দুর্ভোগ পোহাতে হয়। এতে ক্ষুব্ধ হয়ে তাঁরা পুলিশের ঊর্ধ্বতন মহলে দায়িত্বরতদের বিরুদ্ধে অভিযোগ করেন। রাত সোয়া ১১টার দিকে ঢাকার পুলিশ সুপার মিজানুর রহমান তাৎক্ষণিক আদেশে তাঁদের প্রত্যাহার করেন। প্রত্যাহার হওয়া ট্রাফিক পুলিশ সদস্যদের একজন বলেন, ‘উৎকোচের বিনিময়ে রাস্তার ওপর দোকান বসানোর অনুমতি দিয়ে যেসব কর্মকর্তা ওই স্ট্যান্ডে সারা বছর যানজট জিইয়ে রাখেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে কর্তৃপক্ষ আমাদের সাজা দিয়েছে।’ নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, তাঁরা সঠিকভাবেই দায়িত্ব পালন করছিলেন। কিন্তু ফুটপাত ও মহসড়কের ওপর দোকানপাট থাকায় যানজট নিরসন করা সম্ভব হচ্ছিল না।