সাভারে ছয় প্রার্থীর অর্থদণ্ড
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ঢাকার সাভার উপজেলার সাভার ও আশুলিয়া ইউনিয়নের তিন চেয়ারম্যান এবং তিন সদস্য প্রার্থীকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার রাতে অভিযান চালিয়ে দেয়ালে পোস্টার ও স্টিকার লাগানোসহ রাতে মাইকে প্রচারণা চালানোর অভিযোগে ভ্রাম্যমাণ আদালত এ অর্থদণ্ড করেন। ২৯ জুন সাভারে এবং ৩ জুলাই আশুলিয়া ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। সাভার উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বিভিন্ন মাধ্যম থেকে অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত শুক্রবার মধ্যরাতে সাভার ও আশুলিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে অভিযান চালান। সাভার উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মোমিন মিয়া ও সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. শাজাহান মিয়াকে সঙ্গে নিয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন এ আদালত পরিচালনা করেন। অভিযানকালে আদালত বাড়িঘর ও দোকানের দেয়ালে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পোস্টার এবং স্টিকার দেখতে পান। এ সময় মাইকে প্রার্থীদের প্রচারণাও চলছিল, যা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।সাভার সার্কেলের এএসপি শাজাহান মিয়া জানান, আদালত সাভার ইউনিয়নের দুই চেয়ারম্যান প্রার্থীর প্রত্যেককে ১০ হাজার টাকা আর দুই সদস্য প্রার্থীকে ১৫ হাজার টাকা এবং আশুলিয়া ইউনিয়নের এক চেয়ারম্যান প্রার্থীকে ১০ হাজার টাকা ও এক সদস্য প্রার্থীকে ১০ হাজার টাকা জরিমানা করেন।