সাভারে জনতার হামলায় এসআইসহ তিন কনস্টেবল আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসামি ধরতে গিয়ে গত রোববার রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের জিঞ্জিরা গ্রামে জনতার হামলার শিকার হয়েছেন সাভার থানার এক উপপরিদর্শকসহ (এসআই) তিন কনস্টেবল। আহত পুলিশ সদস্যদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।সাভার থানা সূত্র জানায়, মারপিট ও টাকা ছিনতাইয়ের অভিযোগে আশুলিয়ার পাড়াগ্রামের জনৈক নুরুল হুদা গত রোববার সাভার থানায় একটি মামলা করেন। ওই মামলায় অন্যদের সঙ্গে জিঞ্জিরা গ্রামের বাদশা নামে এক ব্যক্তিকে আসামি করা হয়। রোববার রাত সাড়ে ১২টার দিকে সাভার থানার এসআই রিপন বালা কয়েকজন কনস্টেবল নিয়ে সরকারি গাড়িতে করে বাদশাকে গ্রেপ্তার করতে তাঁর বাড়িতে যান। কিন্তু বাদশাকে না পেয়ে তাঁরা থানার উদ্দেশে রওনা হন। রিপন বালা তাঁর সহকর্মীদের নিয়ে ওই বাড়ি থেকে ৫০ গজ দূরে যাওয়ার পরপরই গ্রামের লোকজন তাঁদের ঘেরাও করে হামলা চালায়। খবর পেয়ে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়।পুলিশ জানায়, উত্তেজিত জনতার ইটপাটকেল ও লাঠির আঘাতে এসআই রিপন বালাসহ কনস্টেবল বাবুল বড়ুয়া, বেল্লাল হোসেন ও গাড়িচালক আবুল কাশেম আহত হন। তাঁদের মধ্যে কসস্টেবল বাবুল ও বেল্লালকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা ওই হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ব্যাপারে রিপন বালা বাদী হয়ে গতকাল সাভার থানায় একটি মামলা করেছেন। মামলায় ২০ জনের নাম উল্লেখ করে অর্ধশত লোককে আসামি করা হয়।সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাদশার বাড়ি থেকে পুলিশ চলে আসার পরপরই ওই পরিবারের লোকজন তাঁদের বাড়িতে ডাকাত হানা দিয়েছে বলে গ্রামের লোকজনকে মুঠোফোনে অবহিত করে। এর পরপরই অন্তত অর্ধশত লোক একজোট হয়ে পুলিশের ওপর হামলা চালায়।