সাভারে জমি দখলের প্রতিবাদে মানববন্ধন, সড়ক অবরোধ
জমি দখলের প্রতিবাদে ঢাকার সাভারের ভাকুর্তা ইউনিয়নের ক্ষতিগ্রস্ত সহস্রাধিক নারী-পুরুষ গতকাল শুক্রবার সকালে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছেন। তুরাগ বহুমুখী সমবায় সমিতির ব্যানারে তাঁরা এ কর্মসূচি পালন করেন। এ সময় তাঁরা আমিনবাজার-ভাকুর্তা ও ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেন।ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য ও তুরাগ বহুমুখী সমবায় সমিতির কর্মকর্তারা জানান, সাভারের বলিয়ারপুরের মধুমতি মডেল টাউন কর্তৃপক্ষ সম্প্রতি ভাকুর্তা ইউনিয়নের ভাকুর্তা ও মোগরাকান্দা গ্রামের অন্তত ১৫০ বিঘা জমি দখল করে মাটি ভরাট করছে। এ ব্যাপারে থানায় অভিযোগ করেও ফল পাওয়া যাচ্ছে না। উল্টো জমির মালিকেরাই হয়রানির শিকার হচ্ছেন। ভূমিদস্যুর কবল থেকে জমি রক্ষার তাঁরা মাঠে নেমেছেন।প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল সকাল থেকে ক্ষতিগ্রস্ত লোকজন ভাকুর্তা এলাকায় জড়ো হতে থাকেন। সকাল ১০টার দিকে সহস্রাধিক নারী-পুরুষ মধুমতি মডেল টাউনের পেছনে প্রথমে মিছিল, পরে সমাবেশ করেন। সমাবেশ শেষে তাঁরা ওই এলাকায় মানববন্ধন করেন। দুপুর ১২টার দিকে তাঁরা আমিনবাজার-ভাকুর্তা ও ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। পরে পুলিশের অনুরোধে তাঁরা অবরোধ তুলে নেন। অবরোধের কারণে উভয় সড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। তুরাগ বহুমুখী সমবায় সমিতির আহ্বায়ক মো. সাইফুল ইসলাম জানান, উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকার পরও মধুমতি মডেল টাউন কর্তৃপক্ষ ভাকুর্তা ও মোগরাকান্দা গ্রামের ২৫০ পরিবারের বিলামালিয়া মৌজার অন্তত ১৫০ বিঘা জমি দখল করে নিয়েছে। তারা আরও জমি দখলের পাঁয়তারা করছে। এ ব্যাপারে কথা বলার জন্য গতকাল দুপুরে মধুমতি মডেল টাউনের স্থানীয় কার্যালয়ে গেলে নিরাপত্তা কর্মকর্তা আবদুল বাকেরের অসহযোগিতার কারণে কথা বলা সম্ভব হয়নি। এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন করার বিষয়টি নিশ্চিত করে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উল্যাহ বলেন, থানায় সাধারণ ডায়েরি করার পর মাটি ভরাটের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।