সাভারে জমি না পাওয়া ট্যানারিও বন্ধ হবে
রাজধানীর হাজারীবাগ ছাড়তে ব্যর্থ ট্যানারিগুলোর গ্যাস, বিদ্যুৎ, পানি ও টেলিফোন-সংযোগ বিচ্ছিন্ন করা হবে চলতি মাসের শেষ দিকে। এ অভিযানে সাভারে চামড়া শিল্পনগরে জমি না পাওয়া ট্যানারির সেবা সংযোগও কেটে দেওয়া হবে। আজ বুধবার পরিবেশ অধিদপ্তরে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বৈঠকে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সুপ্রিম কোর্টের আদেশ বাস্তবায়নের কর্মপরিকল্পনা জমা দিতে বলেছে পরিবেশ অধিদপ্তর। তাদের আগামী সোমবারের মধ্যে এ কর্মপরিকল্পনা জমা দিতে হবে।
হাজারীবাগে থাকা ট্যানারিগুলোকে বন্ধ করতে আদালতের দেওয়া নির্দেশ বাস্তবায়নের প্রস্তুতি নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিদ্যুৎ, গ্যাস, পানি ও টেলিফোন সেবাদাতা প্রতিষ্ঠান, চামড়া শিল্পনগর প্রকল্পের কর্মকর্তাদের নিয়ে এ বৈঠক করে পরিবেশ অধিদপ্তর।
বৈঠক শেষে সংস্থাটির পরিচালক (ঢাকা বিভাগ) ম আলমগীর প্রথম আলোকে বলেন, কিছু ট্যানারি সাভারে প্লট পায়নি। কিন্তু তাদের পরিবেশ ছাড়পত্র নেই। বর্জ্য পরিশোধনাগারও নেই। ফলে তাদের সেবা সংযোগও কেটে দেওয়া হবে।
বারবার সময় বেঁধে দেওয়ার পরও হাজারীবাগ ছাড়তে ব্যর্থ ট্যানারিগুলোকে ৫ মার্চ বন্ধের নির্দেশ দেন হাইকোর্টের একটি বেঞ্চ। পরে সুপ্রিম কোর্টেও এ আদেশ বহাল থাকে। ট্যানারিগুলোকে বন্ধ করে ৬ এপ্রিলের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দিতে হবে পরিবেশ অধিদপ্তরকে। সাভারের চামড়া শিল্পনগরে ১৫৪টি ট্যানারিকে জমি দেওয়া হয়েছে। এর বাইরেও হাজারীবাগে বেশ কিছু ট্যানারি রয়েছে।