সাভারে জমি ব্যবসায়ীকে গুলি করে হত্যা
ঢাকার সাভার পৌরসভার প্রাণকেন্দ্র ঘোষপাড়া এলাকায় গতকাল রোববার রাত নয়টার দিকে এ কে এম আজাদ রশিদ (৫০) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি এলাকায় জমির ব্যবসা করতেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে আব্দুল হাকিম বেপারী ও দুলাল খাঁ নামের দুজনকে আটক করেছে পুলিশ৷
আজাদ রশিদ সাভার পৌরসভার দক্ষিণপাড়া মহল্লার আবদুর রশিদের ছেলে। সাভার নামাবাজারসংলগ্ন বংশী নদীর তীরে ধামরাই থানাধীন বড় কুশিয়ারা মৌজায় তাঁর বেশ কয়েক বিঘা জমি রয়েছে, যার অধিকাংশই তিনি সরকার থেকে ইজারা নিয়ে বেশ কিছু স্থাপনা নির্মাণ করেছেন। তিনি ওই এলাকাটির নাম দিয়েছেন আজাদনগর৷
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, গতকাল রাত সাড়ে আটটার দিকে আজাদ রশিদ আজাদনগর এলাকায় তাঁর কার্যালয় থেকে বেড় হয়ে দক্ষিণপাড়ার বাসায় ফিরছিলেন। রাত নয়টার দিকে ঘোষপাড়া এলাকায় পৌঁছালে কয়েকজন দুবৃর্ত্ত তাঁকে পেছন থেকে পরপর চারটি গুলি করে পালিয়ে যায়। এ সময় ওই এলাকায় এক বৃদ্ধা ছাড়া আর কেউ ছিলেন না। ঘাড়, পিঠ, গাল ও পাঁজরের নিচে গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এগিয়ে গেলেও কেউ তাঁর সাহায্যে এগিয়ে যাননি। ফলে বিনা চিকিৎসায় বেশ কিছু সময় ধরে রক্তক্ষরণ হওয়ার কারণে তিনি ঘটনাস্থলেই মারা যান। আধা ঘণ্টা পর পুলিশ তাঁকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
আজাদের শ্যালক তালুকদার মো. জহিরুল ইসলাম বলেন, কারা এবং কী কারণে আমার ভগ্নিপতিকে হত্যা করেছে, তা এখনো আমাদের কাছে স্পষ্ট নয়।’
সাভার মডেল থানার ওসি মোস্তফা কামাল বলেন, জমিজমা নিয়ে আজাদের সঙ্গে অনেকের বিরোধ ছিল। এই বিরোধের কারণে কেউ তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করে থাকতে পারে। হত্যার ধরন দেখে মনে হয়, খুনিরা আগে থেকেই তাঁকে অনুসরণ করছিল।
গলাকাটা লাশ উদ্ধার: আমাদের মুন্সিগঞ্জ প্রতিনিধি জানান, শ্রীনগর উপজেলার ওমপাড়া স্থানে ঢাকা-মাওয়া মহাসড়কের পাশ থেকে গত শনিবার রাতে আপেল (৩২) নামের এক টাইলস মিস্ত্রির গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ৷ পরে তা ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়৷
আপেল শ্রীনগরের বাড়ৈখালী গ্রামে টাইলস মিস্ত্রির কাজ করতেন৷ তাঁর বাড়ি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায়৷ হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের খালাতো ভাই মো. আশরাফ গতকাল রোববার শ্রীনগর থানায় হত্যা মামলা করেছেন৷