সাভারে জুতা তৈরির কারখানায় আগুন নিয়ন্ত্রণে
সাভারের আশুলিয়ার নরসিংহপুরে জুতা তৈরির কারখানা আকিজ ফুটওয়্যারে লাগা আগুন এখন নিয়ন্ত্রণে। ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট প্রায় পৌনে তিন ঘণ্টার চেষ্টায় রাত আটটার দিকে এ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আজ রোববার বিকেল সোয়া পাঁচটার দিকে এ আগুন লাগে। তবে ঈদের ছুটি থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
কারখানাটির প্রশাসনিক ব্যবস্থাপক শামসুজ্জামান বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ এই মুহূর্তে বলা যাচ্ছে না। এটি আকিজ গ্রুপের একটি প্রতিষ্ঠান। কারখানার ভেতরে শুধু যন্ত্রপাতি ও তৈরি পণ্য ছিল। কোনো রাসায়নিক পদার্থ ছিল না। তিনি জানান, এই কারখানায় ৭৫০ জনের মতো শ্রমিক কাজ করে। এতে ১৬ জুলাই থেকে ঈদের ছুটি চলছে। ছুটি শেষে ২৬ জুলাই কারখানায় আবার কাজ শুরু হওয়ার কথা।
তিনতলা টিনশেড ভবনটি আগুন লাগার কারণে প্রায় পুরোটাই ধসে পড়েছে। কারখানার ভেতরে এবং আশপাশে পানির কোনো আধার না থাকায় ফায়ার সার্ভিসের আগুন নিয়ন্ত্রণ আনতে সময় লেগেছে। অনেক দূর থেকে পানি এনে কাজ করতে হচ্ছে বলে একটানা কাজ করা যাচ্ছিল না। সাড়ে ছয়টা থেকে ছয়টা ৫৫ পর্যন্ত কাজ বন্ধ ছিল।
ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) মেজর শাকিল কাজ বন্ধ থাকার কথা অস্বীকার করেন। তবে পানির স্বল্পতার বিষয়টি তিনি স্বীকার করেছেন। তিনি বলেন, ঢাকা, সাভার, ধামরাই ও ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকাসহ (ডিইপিজেড) বিভিন্ন এলাকা থেকে মোট ১৪ টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে বলেও জানান।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) দীপক চন্দ্র সাহা বলেন, আগুন কীভাবে লেগেছে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না।