সাভারে ট্রলারডুবিতে নিখোঁজ ছাত্রলীগ নেতার লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের বংশী নদীতে গত শনিবার ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ছাত্রলীগের নেতা দিদারুল আরেফিন ওরফে পিনাকের (২৭) লাশ উদ্ধার করা হয়েছে। সাভার ফায়ার সার্ভিসের সদস্যরা গতকাল সোমবার সাভারের আমিনবাজার এলাকায় তুরাগ নদ থেকে তাঁর লাশ উদ্ধার করেন।

দিদারুল সাভার পৌর এলাকার আড়াপাড়ামহল্লার আবদুল মালেকের ছেলে। তিনি আশুলিয়া থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। ওই ঘটনায় নিখোঁজ ট্রলারের মাঝিকেএখনো পাওয়া যায়নি।

সাভার মডেল থানার পুলিশ ও দিদারুলের পরিবার সূত্র জানায়, সাভার থানা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমানসহ আরও কয়েকজনের সঙ্গে দিদারুল শনিবার ট্রলারে মানিকগঞ্জের সিঙ্গাইরের হজরতপুর হাটে যান। সেখান থেকে তাঁরা ফেরার পথে রাত আটটার দিকে বংশী নদীর সাভারের ব্যাংক টাউন এলাকায় পৌঁছালে একটি বালুভর্তি বাল্কহেড ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে ট্রলারটি ডুবে যায়। সেখান থেকে অন্যরা সাঁতরে তীরে উঠলেও দিদারুল ও ট্রলারের মাঝি নিখোঁজ হন। রাতেই বংশী নদীতে অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। গত রোববার দিনভর অভিযান চালিয়েও দিদারুল, মাঝি ও ট্রলারের সন্ধান পাওয়া যায়নি। গতকাল সকালে ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার দূরে আমিনবাজারের কাছে তুরাগ নদে দিদারুলের লাশ ভেসে ওঠে। খবর পেয়ে তাঁর লাশ উদ্ধার করে সাভার থানায় নিয়ে যাওয়া হয়।