সাভারে ডাকাত-পুলিশ গোলাগুলি, গ্রেপ্তার ৪
ঢাকার সাভারের কান্দি ভাকুর্তা গ্রামে একটি বাড়িতে ডাকাতি শেষে পালানোর সময় ডাকাত ও পুলিশের মধ্যে গোলাগুলি হয়েছে। গত শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে। এতে এক ডাকাত এবং এক পুলিশ আহত হয়েছেন। ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার হওয়া চারজন হলেন মনির (৩০), মনা (৩০), আলাউদ্দিন (৩৫) ও মানিক (৩২)। পুলিশ দাবি করেছে, এঁরা আন্তজেলা ডাকাত দলের সদস্য।
একই দিন রাত দুইটার দিকে দক্ষিণ শ্যামপুর এলাকার সংগীতশিল্পী আতিকুল ইসলামের বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা দুটি মুঠোফোন ও পাঁচ হাজার টাকা নিয়ে গেছে বলে আতিকুল জানিয়েছেন।
ডাকাতির শিকার পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে ১৫-২০ জন ডাকাত ফটক ভেঙে কান্দি ভাকুর্তা গ্রামের লাট মিয়ার বাড়িতে ঢুকে লাট মিয়া ও তাঁর স্ত্রী আনোয়ারা বেগমকে বেঁধে ফেলে। এরপর তারা আলমারি ভেঙে দুই ভরি স্বর্ণালংকার, ৩০ হাজার টাকা ও চারটি মুঠোফোন নিয়ে যায়। ডাকাতি শেষে ভোর চারটার দিকে ডাকাতেরা ওই বাড়ি থেকে বের হয়। এ সময় এলাকার লোকজন বিষয়টি সাভার থানায় জানান।
খবর পেয়ে পুলিশের একটি টহল দল ওই গ্রামে যাওয়ার পথে ঢাকা-আরিচা মহাসড়কসংলগ্ন ভাকুর্তা সেতুর কাছে তুরাগ এলাকায় ডাকাতদের দেখতে পায়। এ সময় ডাকাতেরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশ পাল্টা গুলি চালায়। কয়েক মিনিট পর দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ চার ডাকাতকে গ্রেপ্তার করে। এ ঘটনায় ডাকাত মানিক ও সাভার থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মনির হোসেন আহত হন।
লাট মিয়ার বড় ছেলে রমজান আলী জানান, তাঁদের বাড়ি থেকে কয়েক শ গজ দূরে একটি পুলিশ ক্যাম্প থাকা সত্ত্বেও প্রায় রাতেই এলাকায় ডাকাতির ঘটনা ঘটছে। ২৬ মার্চ রাতে ওই এলাকার তানিয়া আক্তারের বাড়িতে ডাকাতি হয়। এ ছাড়া রাত ১০টার পরে হেমায়েতপুর-ভাকুর্তা-কেরানীগঞ্জ সড়কের তুরাগ ও মগড়াকান্দা এলাকায় অবস্থান নিয়ে ডাকাতেরা পণ্যবাহী ট্রাক ও ব্যক্তিগত গাড়িতে ডাকাতি করে। তাঁদের বাড়িতে ডাকাতির ঘটনায় তিনি মামলা দায়ের করেছেন।
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, ভাকুর্তা এলাকায় পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে। বাকি ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।