সাভারে ডাকাত সন্দেহে সাত যুবক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার সাভারের বলিয়ারপুরের কোন্ডা গ্রাম থেকে পুলিশ শনিবার রাতে ডাকাত সন্দেহে সাত যুবককে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন রফিক (২০), মানিক (২০), জনি (২২), মিলন (২০), শাকিল (১৯), শামিম (২২) ও আরিফ (২২)। এঁরা সবাই রাজধানীর পীরেরবাগ এলাকার বাসিন্দা। সাত দিনের পুলিশ রিমান্ড চেয়ে গতকাল রোববার তাঁদের আদালতে পাঠানো হয়েছে।সাভার থানার পুলিশ ও এলাকাবাসী জানান, শনিবার রাত দুইটার দিকে একটি মাইক্রোবাসে করে সাত যুবক কোন্ডা গ্রামে ঢোকেন। কমিউনিটি পুলিশ তাঁদের গ্রামে আসার উদ্দেশ্য জিজ্ঞেস করলে তাঁরা সদুত্তর দিতে পারেননি। পরে কমিউনিটি পুলিশের সদস্যরা গ্রামবাসীর সহায়তায় তাঁদের আটক করে পুলিশে খবর দেয়। সাভার থানার পুলিশ গতকাল ভোরে ঘটনাস্থলে গিয়ে মাইক্রোবাসসহ সাত যুবককে গ্রেপ্তার করে। মাইক্রোবাস থেকে ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।