সাভারে ডাকাতি, পুলিশ বলছে চুরি
ঢাকার সাভার পৌরসভা এলাকার একটি বাড়িতে গত বৃহস্পতিবার গভীর রাতে ডাকাতি হয়। কিন্তু পুলিশ বলছে, ঘটনাটি চুরি। এদিকে মানিকগঞ্জের গোয়েন্দা পুলিশ ও জেলার ঘিওর থানার পুলিশের যৌথ অভিযানে দুই দিনে তিন ডাকাত গ্রেপ্তার হয়েছে। স্থানীয় ব্যক্তিরা জানান, বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে একদল ডাকাত সাভার পৌরসভার জামসিং উত্তরপাড়ার প্রবাসী হজরত আলীর বাড়ির কেঁচিগেটের তালা ভেঙে ভেতরে ঢোকে। তারা অস্ত্র দেখিয়ে বাড়ির লোকদের জিম্মি করে। ডাকাতেরা আলমারির চাবি চাইলে হজরত আলীর স্ত্রী রওশনারা তা দিতে অপারগতা প্রকাশ করেন। ডাকাতেরা তাঁকে মারপিট করে আলমারি ভেঙে ১০ ভরি স্বর্ণালংকার ও তিন লাখ টাকা লুটে নিয়ে যায়।রওশনারা বলেন, ডাকাতির খবর পেয়ে গতকাল সকালে সাভার থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। কিন্তু তারা ডাকাতির মামলা নিতে অপারগতা প্রকাশ করায় গতকাল শুক্রবার রাত আটটা পর্যন্ত মামলা করা সম্ভব হয়নি।এ ব্যাপারে সাভার থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ রোমন প্রথম আলোকে বলেন, ‘এসআই মো. ফরিদকে হজরত আলীর বাড়িতে পাঠানো হয়েছিল। প্রাথমিক তদন্তে ওই বাড়িতে ডাকাতির কোনো প্রমাণ পাওয়া যায়নি। চুরি হলে হতে পারে।’তিন ডাকাত গ্রেপ্তার: ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ-উল ইসলাম জানান, ৯ মার্চ রাতে ঘিওর উপজেলার হেলাচিয়া গ্রামের মনোরঞ্জন সরকারের বাড়িতে ডাকাতেরা একটি একনলা বন্দুক, ৩৫ ভরি স্বর্ণালংকার, ৪০ হাজার টাকা ও পাঁচটি মুঠোফোন সেট লুট করে। ওই ঘটনায় গত বুধ ও বৃহস্পতিবার মানিকগঞ্জ ও ঢাকার ধামরাইয়ের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাত মিন্টু মিয়া (৪৫), রবি শেখ ওরফে জাহিদ (৩৫) ও আইয়ুব খানকে (৪৮) গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় লুণ্ঠিত বিভিন্ন মালামাল, ডাকাতির কাজে ব্যবহূত আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র।