সাভারে ডিবি পরিচয়ে ছয় লাখ ২০ হাজার টাকা ছিনতাই
গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে এ ওয়ান ট্রেডিং (বিডি) লিমিটেডের সাভার উপজেলা বিপণন কর্মকর্তা জাকির হোসেনের কাছ থেকে গতকাল রোববার ছয় লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ ব্যাপারে সাভার থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। কর্মকর্তা জাকির জানান, তাঁদের প্রতিষ্ঠানটি শাহ সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিবেশক। গতকাল দুপুরে তিনি সাভারের বিভিন্ন এলাকা থেকে সিমেন্ট বিক্রির নগদ টাকা ও চেক সংগ্রহ করে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের হেমায়েতপুর শাখায় যান। সেখান থেকে চেক ভাঙিয়ে নগদ টাকা নিয়ে দুপুর দেড়টার দিকে হেমায়েতপুর বাসস্ট্যান্ডের কাছে পৌঁছালে একটি মাইক্রোবাস তাঁর সামনে এসে থামে। এ সময় কোনো কিছু বুঝে ওঠার আগেই ওই মাইক্রোবাস থেকে এক ব্যক্তি নেমে ‘মার্ডার কেসের আসামি’ বলে তাঁকে জাপটে ধরে। ওই ব্যক্তি তাঁকে জোরপূর্বক মাইক্রোবাসে ওঠানোর চেষ্টা করলে তিনি নিজেকে শাহ্ সিমেন্টের কর্মচারী হিসেবে পরিচয় দেন। এতেও কাজ না হলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় মাইক্রোবাস থেকে আরও দুই ব্যক্তি নেমে এসে তাঁকে ধরে ফেলে। তারা তাঁকে লাঠি দিয়ে পেটাতে থাকে। দুর্বৃত্তরা একপর্যায়ে তাঁকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে চোখ বেঁধে ফেলে। এরপর তারা তাঁর কাছে থাকা ছয় লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে হেমায়েতপুরের দক্ষিণ শ্যামপুর এলাকায় মাইক্রোবাস থেকে নামিয়ে দিয়ে পালিয়ে যায়। এ ওয়ান ট্রেডিং (বিডি) লিমিটেডের কার্যালয় ঢাকার মিরপুরের দারুস সালাম রোডে বলে জানা গেছে। প্রতিষ্ঠানটির মালিক কাজী কামাল জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে যান। এরপর স্থানীয় ব্যক্তিদের সহায়তায় জাকিরকে সাভার থানায় নিয়ে আসেন। সাভার থানার উপপরিদর্শক (এসআই) আবুল হোসেন জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। জড়িত ব্যক্তিদের ধরতে ইতিমধ্যে পুলিশের একটি দল মাঠে নেমেছে।