সাভারে ডেসটিনি কর্মীর আত্মহত্যা!
রাজধানীর উপকণ্ঠ সাভারের গেন্ডা এলাকা থেকে মোয়াজ্জেম হোসেন (৪০) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।সাভার থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, মোয়াজ্জেম ডেসটিনির সঙ্গে যুক্ত ছিলেন। অধিক মুনাফার লোভ দেখিয়ে তিনি আত্মীয়স্বজনসহ অনেকের কাছ থেকে বিপুল পরিমাণ আমানত সংগ্রহ করেছিলেন। ডেসটিনি নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ার পর তিনি গ্রাহকদের চাপের মুখে পড়েন। এ কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে অন্য কোনো কারণও থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।সূত্র জানায়, মনোহারি ব্যবসার পাশাপাশি মোয়াজ্জেম ডেসটিনির সঙ্গে যুক্ত ছিলেন। মোয়াজ্জেমের পরিবার সূত্র জানায়, শুক্রবার রাতে খাওয়ার পর তাঁর স্ত্রী দুই সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়েন। এ সময় মোয়াজ্জেম পাশের কক্ষে টেলিভিশন দেখছিলেন। রাত ১২টার দিকে সেই কক্ষের দরজা ভেঙে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পরে বিষয়টি সাভার থানায় জানানো হলে গতকাল শনিবার সকালে পুলিশ লাশটি থানায় নিয়ে যায়। পুলিশ জানায়, এ ব্যাপারে মোয়াজ্জেমের বোন নাছিমা আলম সাভার থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন।নাছিমা আলম জানান, শুক্রবার রাত ১২টার দিকে তাঁর ভাই মুঠোফোনে তাঁদের একটি খুদে বার্তা পাঠান। ওই বার্তার বিষয়বস্তু ছিল ‘আমি আর পারছি না, তাই চলে গেলাম।’ ওই বার্তার সূত্র ধরে রাত সাড়ে ১২টার দিকে তিনি পরিবারের লোকজনকে নিয়ে ভাইয়ের বাসায় যান। সেখানে গিয়ে বাসার একটি কক্ষের দরজা ভেঙে ভেতরে ঢুকে তাঁর ভাইকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তিনি বলেন, তাঁর ভাই ডেসটিনির সঙ্গে যুক্ত ছিলেন। ওই প্রতিষ্ঠানটি নিয়ে বিতর্কের সৃষ্টি হওয়ার পর থেকে তিনি মানসিক চাপের মধ্যে ছিলেন। তবে ডেসটিনির গ্রাহকদের চাপের কারণে তিনি আত্মহত্যা করেছেন কি না, তা তাঁদের জানা নেই।