সাভারে তরুণী খুন, লাশ উদ্ধার নিয়ে গড়িমসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের ডেইরি ফার্ম এলাকা থেকে মঙ্গলবার রাতে রুবি আক্তার (২২) নামের এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এর আগে আশুলিয়া ও সাভার মডেল থানার পুলিশ নিজেদের সীমানায় নয় বলে লাশ উদ্ধারে দিনভর গড়িমসি করে।
রুবি আক্তার গাজীপুরের কালিয়াকৈরের ফুলবাড়িয়া ইউনিয়নের নলুয়া গ্রামের আলী আহামঞ্চদ খানের মেয়ে। তাঁকে হত্যার পর লাশ সেখানে ফেলে রাখা হয় বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় সাভার মডেল থানার পুলিশ কালিয়াকৈরের ভাতারিয়া গ্রামের স্কুলশিক্ষক মনসুর আলী (৫৫) ও তাঁর ছেলে ইউসুফ আলীকে (২৭) গ্রেপ্তার করেছে। বছর দুয়েক আগে ইউসুফের সঙ্গে রুবির বিয়ে হয়। বিয়ের এক বছর পর রুবি ইউসুফকে তালাক দিয়ে বাড়ি চলে যান। তিনি বাবার বাড়িতেই থাকেন।
মেয়ের পরিবার জানায়, ১৩ জানুয়ারি রুবি বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি।
পুলিশ ও ডেইরি ফার্ম এলাকার লোকজন জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে পথশিশুরা লাকড়ি কুড়াতে গিয়ে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজনকে জানায়। তাঁরা বিষয়টি আশুলিয়া থানাকে জানালে পুলিশ ঘটনাস্থলে যায়। তাঁরা লাশ উদ্ধার না করেই ফিরে যায়। পরে আশুলিয়া থানার পক্ষ থেকে বিষয়টি সাভার মডেল থানাকে জানানো হলে তারাও লাশ উদ্ধার না করে ফিরে যায়। ঘটনাস্থল নিয়ে দিনভর দুই থানার রশি টানাটানির পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সাভার থানার পুলিশ রাত সাড়ে সাতটার দিকে লাশ উদ্ধার করে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম বলেন, এলাকাটি সাভার থানা এলাকায়। সাভার থানার পুলিশ সময়মতো ব্যবস্থা নেয়নি।
তবে সাভার থানার উপপরিদর্শক (এসআই) রিপন বালা বলেন, মঙ্গলবার সন্ধ্যায় খবর পাওয়ার পরই ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
এদিকে খবর পেয়ে রুবির বাবা আলী আহামঞ্চদ খান মঙ্গলবার রাতেই সাভার থানায় গিয়ে লাশ শনাক্ত করেন। ওই রাতেই তিনি সাভার থানায় হত্যা মামলা করেন। মামলায় মনসুর ও তাঁর ছেলে ইউসুফসহ পাঁচজনকে আসামি করা হয়। আলী আহামঞ্চদ অভিযোগ করেন, ইউসুফ তাঁর মেয়েকে ফুসলিয়ে নিয়ে গিয়ে তাঁর বাবা ও অন্যদের সহায়তায় হত্যা করেছেন।
ইউসুফ আলী অভিযোগ অস্বীকার করে বলেন, ‘রুবির সঙ্গে আমার পরিবারের কোনো যোগাযোগ ছিল না। অন্যায়ভাবে আমাদের অভিযুক্ত করা হয়েছে।’