সাভারে তিন দিনব্যাপী মানবাধিকার সম্মেলন শুরু
‘আমরা সমবেত মানুষের মর্যাদা প্রতিষ্ঠায়’ প্রতিপাদ্যকে উপজীব্য করে সাভারের শেখ হাসিনা জাতীয় যুব কেন্দ্রে গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী মানবাধিকার সম্মেলন। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের জেন্ডার অ্যান্ড সোশ্যাল জাস্টিস (জিএসজে) ইউনিট এ সম্মেলনের আয়োজন করেছে।গতকাল সকাল ১০টায় সম্মেলনের উদ্বোধন করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল। সম্মেলনে ঝিনাইদহ, কুষ্টিয়া, পাবনা, সিরাজগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নওগাঁ, গাইবান্ধা ও জয়পুরহাটের মানবাধিকার সংরক্ষণ পরিষদ, মানবাধিকার নারী সমাজ এবং মানবাধিকার আইনজীবী পরিষদের তিন শতাধিক কর্মী অংশ নেন।আইন ও সালিশ কেন্দ্রের জিএসজে ইউনিটের ঊর্ধ্বতন উপপরিচালক সানাইয়া ফাহীম আনসারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মানবাধিকার আইনজীবী পরিষদের সভাপতি দবির হোসেন, কেন্দ্রীয় মানবাধিকার সংরক্ষণ পরিষদের সভাপতি সামসুজ্জামান ও মানবাধিকার নারী সমাজের সভানেত্রী নার্গিস রহমান। অনুষ্ঠানে আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, ‘বিভিন্ন কারণে আমাদের দেশের ভালো মানুষেরা আজ বিচ্ছিন্ন, যোগাযোগহীন। তাঁদের মধ্যকার এই বিচ্ছিন্নতার দেয়াল ভেঙে দিতে হবে। তাঁদের সবাইকে একত্র করতে হবে। ভালো মানুষের একত্র হওয়া মানেই সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের দিকে অগ্রসর হওয়া।’ সুলতানা কামাল বলেন, ‘আমাদের স্বাধীনতাযুদ্ধ শুধু একটি ভৌগোলিক যুদ্ধ ছিল না। বিশেষ কোনো দিন, বিশেষ কোনো পোশাক অর্জন বা পুষ্পমাল্য অর্পণ করলেই স্বাধীনতার সুফল পাওয়া যায় না।’ তিনি বলেন, মানবাধিকার লঙ্ঘন, সুশাসনের অভাব, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর অব্যবস্থাপনা, সামাজিক সংগঠনগুলোর ক্রমশ দুর্বল হয়ে পড়া, সর্বোপরি নারী-পুরুষের মধ্যকার ব্যাপক বৈষম্যমূলক পরিস্থিতি থেকে উত্তরণে স্থানীয় জনগণের একত্র হয়ে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাওয়ার কোনো বিকল্প নেই।