সাভারে তীব্র যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়কের ওপর জমে থাকা বৃষ্টির পানি আর বিকল হয়ে পড়া যানবাহনের কারণে আজ সোমবার আশুলিয়ার নবীনগর ও বাইপাইলে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে করে রাজধানীর সঙ্গে উত্তর এবং দক্ষিণবঙ্গের সড়ক যোগাযোগ কার্যত বন্ধ হয়ে পড়ে।

সকালে আশুলিয়ার নবীনগর এলাকায় পরপর তিনটি পণ্যবাহী ট্রাক উল্টে যায়। এ কারণে সকাল আটটার মধ্যে ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ঘটনাস্থলের উভয় পাশের প্রায় চার কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

অপর দিকে, বৃষ্টির কারণে আশুলিয়ার জামগড়া এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে করে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে যান চলাচল ব্যাহত হয়। ওই সড়কে বাইপাইল থেকে নরসিংহপুর পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়।

ট্রাফিক পুলিশের একাধিক কর্মকর্তা ও যানবাহনশ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আশুলিয়ার নবীনগর বাসস্ট্যান্ডের কাছে নিরিবিলি এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক বর্ধিতকরণের কাজ চলছে। ওই অংশে মহাসড়কের উভয় পাশে গর্ত করে বালু ও সুরকি রাখা হয়েছে। আজ সকালে ওই গর্তের মধ্যে তিনটি ট্রাক পড়ে গিয়ে উল্টে যায়। এ সময় এক পাশ দিয়ে ধীরগতিতে যান চলাচল করতে থাকে। এর ফলে নয়ারহাট থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। প্রায় চার ঘণ্টা চেষ্টা করে দুপুর সাড়ে ১২টার দিকে রেকারের সাহায্যে ট্রাকগুলো সরানো হয়।

এদিকে প্রবল বর্ষণের কারণে সকাল থেকে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের জামগড়া এলাকায় পানি জমে যায়। পানির কারণে প্রায় সারা দিনই ওই অংশে যান চলাচল ব্যাহত হয়। বাইপাইল থেকে জিরাবো পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়।

ট্রাফিক পুলিশের এক কর্মকর্তা বলেন, জামগড়া এলাকায় সড়কের উভয় পাশের বিভিন্ন কারখানা ও বিপণিবিতানগুলো সড়ক থেকে বেশ উঁচু। এ কারণে বৃষ্টি হলেই সেখানে পানি জমে। পানির কারণে যানবাহন চলাচল ব্যাহত হয়।

সরেজমিনে জামগড়া এলাকায় কোথাও হাঁটুপানি আবার কোথাও কোমরপানি জমে থাকতে দেখা গেছে। ওই পানির মধ্য দিয়ে চলাচল করতে গিয়ে কয়েকটি গাড়ি বিকল হয়ে পড়ে। পানি আর যানজটের কারণে বিকেল তিনটা থেকে চারটা পর্যন্ত ওই সড়কে যানবাহন চলাচল করতে পারেনি।

বগুড়াগামী যাত্রীবাহী বাসের চালক রমিজ উদ্দিন বলেন, ঈদের আগে এই সময়ে যানবাহন ও ঘরমুখী মানুষের চাপ তেমন বাড়েনি। এরপরেও আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে যানবাহন চলাচলে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এ অবস্থার উন্নতি না হলে ঈদের ছুটি শুরু হওয়ার পর ঘরমুখী মানুষ চরম ভোগান্তির মধ্যে পড়বে।

সড়ক ও জনপথ বিভাগের (সওজ) ঢাকার নির্বাহী প্রকৌশলী মেহেদী ইকবাল বলেন, পানি বের হওয়ার জন্য জামগড়া এলাকায় সড়কের উভয় পাশে নর্দমা করে দেওয়া হয়েছে। ওই নর্দমা দিয়ে পানি গিয়ে পড়ছে পাশের নয়নজলি খালে। ওই খাল দখলদারেরা স্থানে স্থানে ভরাট করে ফেলায় মহাসড়কের পানি বের হতে পাড়ছে না। এ কারণে জাগড়া এলাকায় সড়কে পানি জমে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে।

সাভার ট্রাফিক পুলিশের পরিদর্শক আবুল হোসেন বলেন, বৃষ্টি আর সড়কের উভয় পাশের খানাখন্দের কারণে আজ যে সমস্যা দেখা দিয়েছে, তা সাময়িক। কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় কোনো ঝামেলা না হলে আসন্ন ঈদে সাভার এলাকায় যানজটের কোনো সম্ভাবনা নেই। ঘরমুখী মানুষ নিরাপদে তাঁদের গন্তব্যে পৌঁছাতে পারবেন।