সাভারে থলে তৈরির কারখানায় অগ্নিকাণ্ড
ঢাকার সাভারের কর্ণপাড়া এলাকায় গত বুধবার গভীর রাতে এবি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে প্লাস্টিকের থলে তৈরির একটি কারখানা আগুনে পুড়ে গেছে।
সাভার ফায়ার সার্ভিস ও কারখানা সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত তিনটার দিকে কারখানার একটি আধা পাকা ভবনের এক কোণে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই পুরো ভবনে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু আগুনের তীব্রতা বাড়তে থাকে। ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ডিইপিজেড) ও ঢাকা থেকে আরও চারটি ইউনিট এসে আগুন নেভানোর কাজে অংশ নেয়। টানা তিন ঘণ্টার চেষ্টার পর গতকাল বৃহস্পতিবার সকাল সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে ভবনসহ কারখানার ওই অংশের সব যন্ত্র, তৈরি করা থলে ও থলে তৈরির কাঁচামাল (প্লাস্টিকের দানা) পুড়ে যায়।
কারখানার সহকারী ব্যবস্থাপক ফজলুল হক বলেন, বুধবার রাতের পালায় অর্ধশতাধিক শ্রমিক কাজ করছিলেন। আগুন লাগার পরপরই তাঁরা কারখানা থেকে বের হয়ে যান। এ কারণে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তিনি বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।