সাভারে দুই তরুণী ধর্ষণ মামলার প্রধান আসামি রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের পৌর এলাকার সোবহানবাগে দুই তরুণীকে ধর্ষণের ঘটনায় প্রধান আসামি লিটন মণ্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে গতকাল বুধবার।

মানিকগঞ্জের দৌলতপুরে মঙ্গলবার বিকেলে গ্রেপ্তারের পর ১০ দিনের রিমান্ড চেয়ে গতকাল লিটনকে আদালতে হাজির করা হয়। জ্যেষ্ঠ বিচারিক হাকিম আতিকুল ইসলামের আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। ধর্ষণের ঘটনায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানায় পুলিশ।

সাভার থানার পুলিশ জানায়, লিটন দীর্ঘদিন ধরে সাভারে থেকে ডিবির তথ্যদাতা (সোর্স) হিসেবে কাজ করেছিলেন। মাস তিনেক আগে মুঠোফোনের মাধ্যমে লিটনের সঙ্গে দুই তরুণীর পরিচয় হয়। তাঁরা মিউজিক ভিডিওতে মডেলিং করেন। লিটন তাঁদের নাটকে অভিনয়ের সুযোগ করে দেওয়ার কথা বলে গত বৃহস্পতিবার রাতে সাভারে নিয়ে আসেন। পরে লিটন ও তাঁর এক সহযোগী ওই দুই তরুণীকে সোবহানবাগ পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ের পাশের একটি ছয়তলা ভবনে নিয়ে ধর্ষণ করেন। রাত তিনটার দিকে তাঁরা চিৎকার দিলে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করেন। এ সময় লিটন ও তাঁর সহযোগী পালিয়ে যান। ওই সহযোগীর নাম এখনো জানা যায়নি।

এই ঘটনায় গ্রেপ্তার হওয়া অপর দুই আসামি ওই ভবনের তত্ত্বাবধায়ক মোকারম হোসেন ও ভবনে অবস্থিত একটি কলেজের তত্ত্বাবধায়ক মিজানুর রহমানকে দুই দিনের রিমান্ড শেষে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।