সাভারে দুই দিনে তিন লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের বিভিন্ন এলাকা থেকে পুলিশ দুই দিনে তিনটি লাশ উদ্ধার করেছে। তাদের পরিচয় পাওয়া যায়নি। পুলিশের ধারণা, হত্যার পর লাশ তিনটি সাভার এলাকায় ফেলে রেখে যায় সন্ত্রাসীরা। সাভার থানার পুলিশ জানায়, গতকাল সোমবার রাত আটটার দিকে সাভারের সলমাসি এলাকার একটি ইটভাটা থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ২৫ বছর। পরনে ছিল জিনসের প্যান্ট আর গেঞ্জি। তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা। ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের জাদুরচর এলাকা থেকে গতকাল সকাল নয়টার দিকে পুলিশ আরেক পুরুষের লাশ উদ্ধার করেছে। তাঁরও পরিচয় পাওয়া যায়নি। তাঁর বয়স প্রায় ৩৫ বছর। সাভার থানার উপপরিদর্শক (এসআই) সজিবুর রহমান জানান, জাদুরচর থেকে উদ্ধার করা লাশটি বিবস্ত্র অবস্থায় পাওয়া গেছে। তাঁর শরীরের বিভিন্ন অংশের চামড়া ছিলে গেছে। ধারণা করা হচ্ছে, হত্যার পর তাঁকে গাড়ি থেকে ফেলে দেওয়া হয়েছে। এর আগে গত রোববার বিকেলে সাভারের মধুমতি মডেল টাউনের পাশে জলাশয়ে ভাসমান অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। তাঁরও পরনে কিছু ছিল না। সাভার থানার এসআই মাসুম খান জানান, দুর্বৃত্তরা তাঁকে শ্বাসরোধ করে অন্যত্র হত্যার পর সাভার এলাকায় লাশ ফেলে রেখে যায়। সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান তিনটি লাশ উদ্ধারের কথা স্বীকার করে বলেন, ময়নাতদন্তের জন্য লাশগুলো গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছে।