সাভারে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, গুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের কাউন্দিয়া ইউনিয়নের ঘাসিরদা এলাকায় গতকাল বৃহস্পতিবার বিকেলে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এ সময় উভয় পক্ষের মধ্যে কয়েকটি গুলিবিনিময়ের ঘটনা ঘটে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা ঘটনাস্থল থেকে কাউন্দিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ ১৭ জনকে আটক করেন। এ সময় র‌্যাব সদস্যরা একটি রিভলবার ও ৩৩টি গুলিসহ একটি পিস্তল জব্দ করেন।র‌্যাব-৪ ও এলাকাবাসী সূত্র জানায়, সম্প্রতি কাউন্দিয়া এলাকায় সরকারি ও স্থানীয় জনসাধারণের অর্থায়নে একটি রাস্তা নির্মাণ করা হয়। রাস্তার পাশে সরকারি ও ব্যক্তিমালিকানাধীন প্রায় ১০০ বিঘা জমিতে মাছ চাষ করা হয়। ওই জলাধারের দখল নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান সাইফুল আলম খানের সঙ্গে ওই এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, হাসান, শাহ আলম, আহাম্মদ ও রমিজ উদ্দিনের বিরোধ চলছে। অভিযোগ উঠেছে, গতকাল বেলা ১১টার দিকে আমজাদ হোসেনের দুই শতাধিক লোক ঘাসিরদা এলাকায় গিয়ে রাস্তা কেটে কালভার্ট স্থাপনের চেষ্টা করে। খবর পেয়ে বিকেল চারটার দিকে সাইফুল আলম খান লোকজন নিয়ে গিয়ে তাদের ওপর হামলা চালান। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষের একপর্যায়ে সাইফুল আলম খান রিভলবার দিয়ে দুটি এবং তাঁর সহযোগী মামুন রিয়াজ আলম পিস্তল দিয়ে তিনটি ফাঁকা গুলি করেন। এ সময় তাঁদের প্রতিপক্ষের লোকজনও কয়েকটি গুলি করে। খবর পেয়ে র‌্যাব সদস্যরা গতকাল সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে ওই ইউপি চেয়ারম্যানসহ ১৭ জনকে আটক করে র‌্যাব-৪-এর সাভার ক্যাম্পে নিয়ে যান। রাতে তাঁদের সাভার থানায় সোপর্দ করা হয়। র‌্যাব-৪ সাভার ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাহ মিজান উল হক বলেন, ইউপি চেয়ারম্যান সাইফুল আলম খানের কাছ থেকে একটি রিভলবার এবং মামুন রিয়াজ আলমের কাছ থেকে একটি পিস্তলসহ ৩৩টি গুলি উদ্ধার করা হয়।সাইফুল আলম খান বলেন, ‘প্রতিপক্ষের লোকজন হামলা চালালে আমরা প্রাণ বাঁচাতে ফাঁকা গুলি করতে বাধ্য হই। আমাদের দুটি অস্ত্রেরই লাইসেন্স আছে।’