সাভারে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় এক পক্ষের মামলা
ঢাকার সাভারের ভাকুর্তা ইউনিয়নের চুনারচড় গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় একটি পক্ষ মামলা করেছে। অপর পক্ষের দাবি, পুলিশ তাদের লিখিত অভিযোগ না নিয়ে উল্টো হয়রানি করছে।গত শুক্রবার দুপুরে দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনায় মনির হোসেন (৩২) ও টুটুল (২৮) নামের দুই ব্যক্তি নিহত হন। আহত হন ১৫ জন। এ ঘটনায় নিহত মনিরের চাচা আবদুল মতিন বাদী হয়ে রাতেই ১১ জনকে আসামি করে সাভার থানায় মামলা করেন। জানতে চাইলে সাভার থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, সংঘর্ষে দুই পক্ষের দুজন মারা গেলেও এখন পর্যন্ত এক পক্ষ মামলা করেছে। মামলার আসামিদের মধ্যে আরিফ ও গগন পুলিশ পাহারায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই আমিনুল ইসলাম বলেন, আরিফ ও গগনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের এখনো গ্রেপ্তার না দেখিয়ে পুলিশ পাহারায় রাখা হয়েছে। পুলিশ, এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাভারের চুনারচড় গ্রামের আবদুল মতিনের সঙ্গে ৪০ শতাংশ ফসলি জমি নিয়ে তাঁর চাচাতো ভাই আবু তালেবের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এই বিরোধের জের ধরে শুক্রবার দুপুরে আবদুল মতিন ও আবু তালেবের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে।