সাভারে দুই মডেল গণধর্ষণের ঘটনায় দুজন রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারে দুই তরুণীকে ধর্ষণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া মুকাররম হোসেন ও মিজানুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি রিমান্ডে নেওয়া হয়েছে। সাত দিনের রিমান্ড চেয়ে আজ শনিবার আদালতে সোপর্দ করা হলে আদালত তাঁদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ঘটনার দু-তিন দিন পার হলেও মূল আসামি লিটন মণ্ডলকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। লিটনের বিরুদ্ধে তরুণীদের উদ্ধার করা ব্যক্তিরা হত্যার হুমকির অভিযোগ করেছেন। আবদুস সালাম নামের এক ব্যক্তি সাভার মডেল থানায় লিটনের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

ধর্ষণের ঘটনায় তরুণীদের একজন গত শুক্রবার সাভার মডেল থানায় মামলা করেন। মামলায় লিটন, মুকাররম ও মিজানুরকে আসামি করা হয়েছে।

অভিযোগে বলা হয়, নাটকে অভিনয়ের সুযোগ দেওয়ার কথা বলে এনে তাঁদের পালাক্রমে ধর্ষণ করা হয়। পৌর এলাকার সোবহানবাগ পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ের পাশের লিজেন্ড কলেজ নামের একটি ভবনে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

ওই দুই তরুণীর ভাষ্য, তাঁরা মিউজিক ভিডিওর মডেল। থাকেন গাজীপুরে। মাস তিনেক আগে মুঠোফোনে তাঁদের সঙ্গে লিটন মণ্ডল নামের এক ব্যক্তির পরিচয় হয়। ওই পরিচয়ের সূত্র ধরে লিটন তাঁদের নাটকে অভিনয়ের সুযোগ দেওয়ার কথা বলেন। তাঁর কথামতো বৃহস্পতিবার রাত নয়টার দিকে তাঁরা সাভার আসেন। লিটন ও তাঁর এক সহযোগী তাঁদের একটি ছয়তলা বাড়ির দ্বিতীয় তলায় নিয়ে যান। সেখানে লিটনসহ আরও দুজন ছিলেন। রাতে তাঁরা জানালা দিয়ে চিৎকার করতে থাকলে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করেন। লিটন ও তাঁর সহযোগী কৌশলে পালিয়ে যান।

মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার পরিদর্শক সোহরাওয়ার্দী হোসেন বলেন, লিটনকে গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।