সাভারে দুজনকে শ্বাসরোধে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন দুজন যানবাহনশ্রমিককে ফুঁসলিয়ে নিয়ে গিয়ে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এঁদের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। অন্যজনের লাশ উদ্ধার হয় গাজীপুরের কালিয়াকৈর থেকে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জনতা একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।সাভার থানার পুলিশ ও নিহত শ্রমিকের পরিবারসহ প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত সোমবার রাত ১০টার দিকে মনির হোসেন নামের এক বাসচালক সাভারের কুণ্ডা গ্রামের আবদুর রহিমের ছেলে বাসচালক আলম (২৫) ও তাঁর সহযোগী সবুজকে (১৮) সাভার যাওয়ার কথা বলে বাসে তুলে নেন। এরপর মনির ও তাঁর সহযোগীরা চলন্ত বাসের মধ্যে আলম ও সবুজকে মারধর করে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার চেষ্টা চালান। মৃত্যু নিশ্চিত ভেবে ঘাতকেরা তাঁদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে ফেলে দিয়ে সটকে পড়েন।নিহত আলমের ভাই জাহাঙ্গীর আলম জানান, মঙ্গলবার দুপুরের দিকে তাঁর ভাইয়ের সহযোগী সবুজ গুরুতর আহত অবস্থায় তাঁদের বাড়ি যান। চিকিৎসার জন্য তাঁকে ওই দিনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার দুপুরে সবুজ মারা যান। এর আগে গত মঙ্গলবার সকালে গাজীপুরের কালিয়াকৈর থানার পুলিশ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশ থেকে তাঁর ভাইয়ের লাশ উদ্ধার করে। খবর পেয়ে গতকাল বিকেলে কালিয়াকৈর থানায় গিয়ে পুলিশের তোলা লাশের ছবি দেখে তাঁরা ভাই আলমের লাশ শনাক্ত করেন।