সাভারে দুটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
ঢাকার সাভারের দক্ষিণ দরিয়াপুর এলাকায় অবস্থিত জেকে গ্রুপের জেকে কম্পোজিট ও তানিমা কম্পোজিট লিমিটেড নামের দুটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শ্রমিকদের বিক্ষোভের কারণে কর্তৃপক্ষ গতকাল রোববার থেকে কারখানা দুটি বন্ধ ঘোষণা করে।পুলিশ ও কারখানা সূত্র জানায়, শ্রমিক বিক্ষোভের কারণে কর্তৃপক্ষ শনিবার রাতে কারখানা বন্ধের সিদ্ধান্ত নেয়। রাতেই কারখানার মূল ফটকের সামনে বন্ধের নোটিশ টাঙিয়ে দেওয়া হয়। শ্রমিকেরা গতকাল সকালে কর্মস্থলে গিয়ে বন্ধের নোটিশ পড়ে বিক্ষোভ করার চেষ্টা করেন। কিন্তু বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন থাকায় শ্রমিকেরা বিক্ষোভ না করে বাড়ি চলে যান।কারখানার কর্মকর্তাদের ভাষ্যমতে, মানসম্মত কাজ আর বেঁধে দেওয়া সময়ের মধ্যে নির্দিষ্ট পরিমাণ কাজের জন্য চাপ দেওয়া হলে শ্রমিকেরা গত বৃহস্পতিবার কারখানার কয়েকজন কর্মকর্তাকে মারধর করেন। এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ৬০ শ্রমিককে সাময়িক বরখাস্ত করা হয়। এর প্রতিবাদে শ্রমিকেরা গত শনিবার কাজ বন্ধ করে বিক্ষোভ করেন। এ কারণে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে।অন্যদিকে শ্রমিকদের ভাষ্যমতে, বেঁধে দেওয়া সময়ের মধ্যে কাজ শেষ করতে না পারায় কর্মকর্তারা কারখানার সুইং বিভাগের দুই শ্রমিকের সঙ্গে অশালীন আচরণ করেন। আর এসব অপকর্ম ধামাচাপা দিতেই কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জেকে গ্রুপের দুটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার সত্যতা নিশ্চিত করেছেন।