সাভারে দেনাদারের প্রহারে আহত ব্যবসায়ীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের চাঁপাইন গ্রামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দেনাদারের মারধরে আহত জয়নাল আবেদিন নামের এক ব্যবসায়ী গতকাল বুধবার সকালে হাসপাতালে মারা গেছেন। এ ব্যাপারে তাঁর ভাই বাদী হয়ে হত্যা মামলা করেছেন।সাভার থানার পুলিশ ও নিহত ব্যবসায়ীর পারিবারিক সূত্র জানায়, গ্রামের খোরশেদ আলম মাস খানেক আগে ব্যবসায়ী জয়নাল আবেদিনের দোকান থেকে ২৬০ টাকার মালামাল কিনে পরে পরিশোধ করবেন বলে চলে যান। কিন্তু খোরশেদ সময়মতো টাকা পরিশোধ করেননি। ২ ফেব্রুয়ারি সকাল আটটার দিকে খোরশেদ দোকানের পাশ দিয়ে যাওয়ার সময় জয়নাল তাঁর কাছে পাওনা টাকা দাবি করেন। খোরশেদ খেপে গিয়ে তাঁকে টেনেহিঁচড়ে দোকান থেকে বের করে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মারতে থাকেন। এ সময় খোরশেদের ভাই মাহফুজও ঘটনাস্থলে এসে জয়নালকে মারধর করেন। জয়নাল অচেতন হয়ে পড়লে স্থানীয় লোকজন মুমূর্ষু অবস্থায় তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ অবস্থায় গতকাল তাঁর মৃত্যু হয়।হাসপাতালের চিকিৎসক রেজাউল হক জানান, মাথা ও বুকে আঘাতজনিত কারণে জয়নাল মারা গেছেন। ঘটনার প্রত্যক্ষদর্শী এলাকার আয়শা আক্তারসহ আরও কয়েকজন জানান, টাকা চাওয়ার পর খোরশেদ ওই ব্যবসায়ীকে দোকান থেকে বের করে মারধর করেন। পরে তাঁর ভাইও এতে যোগ দেন।জয়নালের ভাই আবদুল মান্নান জানান, বাকিতে জিনিস নিয়ে টাকা না দেওয়ার ফন্দি এঁটেছিলেন খোরশেদ। অনেকের সঙ্গেই তিনি এমন আচরণ করেন। টাকা চাওয়ার পর পরই তিনি খেপে গিয়ে ভাইকে মারধর করেন। এ ব্যাপারে বাদী হয়ে তিনি গতকাল সাভার থানায় একটি হত্যার মামলা করেছেন।সাভার থানার উপপরিদর্শক (এসআই) মো. আবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলা হয়েছে। আসামি ধরার চেষ্টা চলছে।