সাভারে দোকান কর্মচারীকে অপহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের একটি জুতার দোকানের কর্মচারী সুমনকে (২০) অপহরণের পর পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করছে দুর্বৃত্তরা। তাঁর বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর আবাবিল গ্রামে। পুলিশ ও সুমনের পারিবারিক সূত্র জানায়, গত সোমবার সকালে বের হয়ে সুমন আর বাসায় ফেরেননি। সেদিন তিনি দোকানেও যাননি। পরদিন কয়েকজন মুঠোফোনে সুমনের স্বজনদের জানায় তাঁকে অপহরণ করা হয়েছে। এরপর তারা ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। সুমনের পরিবার ১০ লাখ টাকা মুক্তিপণ দিতে অপারগতা জানালে দুর্বৃত্তরা টাকার পরিমাণ কমিয়ে পাঁচ লাখ টাকা নির্ধারণ করে। পরে দুর্বৃত্তরা টাকা নিয়ে সুমনের স্বজনদের যশোরের বাস টার্মিনালে যেতে বলে। সুমনের স্বজনেরা মুক্তিপণের টাকা নিয়ে যশোরে গেলেও অপহরণকারীরা তাঁদের সঙ্গে দেখা করেনি।গত বুধবার সুমনের চাচাতো ভাই কামাল হোসেন এ ঘটনায় সাভার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। সাভারের সিটি সেন্টারের অবসরা সু-স্টোরের মালিক কামাল হোসেন বলেন, তাঁর দোকানের কর্মচারী সুমন গত সোমবার থেকে অনুপস্থিত রয়েছেন। বাসায় খোঁজ নিয়ে তাঁর কোনো হদিস না পেয়ে বিষয়টি তিনি সুমনের স্বজনদের জানান। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আশরাফুল আলম অপহরণের সত্যতা নিশ্চিত করে বলেন, সুমনকে উদ্ধারে প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে। দু-এক দিনের মধ্যেই তাঁকে উদ্ধার করা সম্ভব হবে বলে তাঁরা আশা করছেন।