সাভারে ধলেশ্বরীতে ট্রলারডুবি, একটি লাশ উদ্ধার
ঢাকার সাভারের ধলেশ্বরী নদীতে গত মঙ্গলবার রাতে ট্রলারডুবির ঘটনায় বেঙ্গল জুট মিলস লিমিটেডের দুই শ্রমিক নিখোঁজ হন। গতকাল বুধবার বিকেলে নূরুল ইসলাম (৪২) নামের একজন শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। অসুস্থ অবস্থায় তিনজনকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন আয়শা, বুলবুলি ও দুলালি।সাভার থানার পুলিশ ও জুট মিলস কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার রাত ১০টার দিকে ছুটি হওয়ার পর মানিকগঞ্জের সিঙ্গাইরের ফোর্ডনগর এলাকার বেঙ্গল জুট মিলস লিমিটেডের ৫০ জনের বেশি শ্রমিক একটি ট্রলারে করে নদীর অপর পারে সাভারের বাঘলপুর যাচ্ছিলেন। মাঝনদীতে যাওয়ার পর ট্রলারটি এক দিকে কাত হয়ে ডুবে যায়। এ সময় কারখানার নিরাপত্তাকর্মী নূরুল ইসলাম ও শ্রমিক মজিবর রহমান (৪০) নিখোঁজ হন। গতকাল দুপুর দেড়টার দিকে ঢাকা থেকে আসা ফায়ার ব্রিগেডের ডুবুরিরা তল্লাশি চালিয়ে বিকেল চারটার দিকে ঘটনাস্থল থেকে নূরুল ইসলামের লাশ উদ্ধার করে। সন্ধ্যা সাতটা পর্যন্ত তল্লাশি চালিয়েও মজিবরের লাশ না পেয়ে ডুবুরিরা চলে যান। কারখানার প্রকৌশলী সাইফুল আজম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।