সাভারে ধারালো অস্ত্রের আঘাতে তরুণী খুন
রাজধানীর উপকণ্ঠ সাভারের সবুজবাগ এলাকায় গত শুক্রবার রাতে এক তরুণীকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে। তাঁর পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ওই তরুণী সবুজবাগ এলাকার কবীর হোসেনের রিকশার গ্যারেজ থেকে বের হয়ে দৌড়াতে থাকেন। এ সময় তাঁর শরীর থেকে রক্ত ঝরছিল। একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে ওই তরুণীকে স্থানীয় লোকজন রিকশায় করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এরপর এলাকাবাসী সাভার থানাকে বিষয়টি জানায়। পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। গতকাল সকালে লাশ ময়নাতদন্তের জন্য সাভার থানা থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। পুলিশ জানায়, গতকাল রাত পর্যন্ত ওই তরুণীর লাশ নিতে কেউ আসেনি। সাভার থানার পুলিশ জানায়, ঘটনার পর কবীর হোসেন গ্যারেজ বন্ধ করে গা ঢাকা দিয়েছেন। ওই গ্যারেজ পরিদর্শনে গিয়ে সেখানে কয়েকটি খালি মদের বোতল পাওয়া গেছে। এ ছাড়া সেখানে রক্তের দাগ ছিল। এলাকাবাসীর দেওয়া তথ্যমতে, সবুজবাগের পাশের ছায়াবীথি এলাকার বাসিন্দা আবদুর রহমানের পালক ছেলে শাহীন ওই তরুণীকে বিয়ে করেছিলেন। বিয়ের কয়েক মাস পর শাহীন ভরণপোষণ দিতে অস্বীকার করে তরুণীটিকে তাড়িয়ে দেন। গত শুক্রবার সন্ধ্যায় মেয়েটি শাহীনের সঙ্গে দেখা করতে কবীরের গ্যারেজে যান। বাগিবতণ্ডার একপর্যায়ে শাহীন তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন।এ ঘটনায় ওই রাতেই জিজ্ঞাসাবাদের জন্য আবদুর রহমানকে আটক করে পুলিশ। থানা হেফাজতে আবদুর রহমান সাংবাদিকদের বলেন, শাহীন তাঁর পালক ছেলে হলেও তিন বছর ধরে তাঁর সঙ্গে কোনো যোগাযোগ নেই। শাহীন একটি মেয়েকে বিয়ে করেছেন বলে শুনেছেন। তবে মেয়েটির পরিচয় তিনি জানেন না। হত্যাকাণ্ডের পর থেকেই শাহীন পলাতক রয়েছেন বলে পুলিশ জানিয়েছে। কবীরের গ্যারেজের পাশের মুদি দোকানি আজাহার মিয়া জানান, শাহীন প্রতিদিনই কবীরের গ্যারেজে আড্ডা দিতেন। শুক্রবার সন্ধ্যায়ও তিনি শাহীনকে ওই গ্যারেজে দেখেছেন। সাভার থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন বলেন, মেয়েটি যে শাহীনের স্ত্রী, তা নিশ্চিত হওয়া গেছে। এ ব্যাপারে হত্যা মামলা হয়েছে।