সাভারে নকল কীটনাশক তৈরির কারখানার সন্ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভার পৌরসভার নামাগ্যান্ডা এলাকায় নকল কীটনাশক তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। গতকাল রোববার ওই কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল কীটনাশক ও কীটনাশক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় কারখানার ব্যবস্থাপককে (৪৫) ছয় মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।সাভারের সহকারী কমিশনার (ভূমি) আবু জাফর রাশেদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।সূত্র জানায়, বেশ কিছুদিন ধরে একটি চক্র নামাগ্যান্ডা এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে ‘সবুজ বাংলা অ্যাগ্রো কেমিক্যালস লিমিটেড’ নামের একটি কারখানা স্থাপন করে নকল কীটনাশক তৈরি করে আসছিল।গতকাল সহকারী কমিশনার (ভূমি) আবু জাফর রাশেদের নেতৃত্বে ওই কারখানায় অভিযান চালিয়ে দুই হাজার ৫০০টি দানাদার কীটনাশকের প্যাকেট, ২১১ বোতল তরল নকল কীটনাশকসহ বালু, রং, রাসায়নিক ও কীটনাশক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় কারখানার ব্যবস্থাপক জয়নাল আবেদীনকে (৪৫) ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।সহকারী কমিশনার (ভূমি) আবু জাফর রাশেদ বলেন, কারখানাটিতে বালু ও কাচের গুঁড়ার সঙ্গে একধরনের রাসায়নিক পদার্থ মিশিয়ে দানাদার এবং পানির সঙ্গে রং মিশিয়ে তরল কীটনাশক তৈরি করা হতো। এরপর তা বিভিন্ন নামকরা কোম্পানির কীটনাশকের প্যাকেটে ও বোতলে ভরে বিক্রি করা হতো।এদিকে কারখানার ব্যবস্থাপক জয়নাল আবেদীন প্রথম আলোকে বলেন, কারখানার মালিক ঝিনাইদহের আবুল কালাম আজাদ। তাঁরা সাভার উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা নাসির উদ্দিন ভূঁইয়ার সহায়তায় নকল কীটনাশক তৈরি শুরু করেন। নাসির উদ্দিনই তাঁদের বাসা ভাড়া করে দিয়েছেন। সহায়তা করার আশ্বাস দিয়ে নাসির উদ্দিন তাঁদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেন বলেও তিনি অভিযোগ করেন।তবে নাসির উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘কারখানার মালিক আমার পূর্বপরিচিত। বাড়ি ভাড়া করে দেওয়ার পর আমার সঙ্গে তাঁর কোনো যোগাযোগ ছিল না। তাই সেখানে নকল কীটনাশক তৈরি হওয়ার বিষয়টি আমি জানতাম না।’ আবদুল আজিজ নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, উপসহকারী কৃষি কর্মকর্তা নাসির উদ্দিন সেখানে মাঝেমধ্যেই আসতেন।সাভার উপজেলা কৃষি কর্মকর্তা রইস উদ্দিন ভূঁইয়া বলেন, নকল কীটনাশক ব্যবহারের কারণে জমির উর্বরতা শক্তি কমে যাচ্ছে। তাঁর কার্যালয়ের উপসহকারী কৃষি কর্মকর্তার নকল কীটনাশক তৈরির সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, অভিযোগ সত্য হলে নাসির উদ্দিনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।