সাভারে নজরুল হত্যার ঘটনায় স্ত্রী আটক
সাভারের বড়দেশী গ্রামের প্রবাসী নজরুল ইসলাম খুনের ঘটনায় তাঁর স্ত্রী ফারজানা আক্তারকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার তাঁকে আটক করা হয়।সদ্য বিদেশ ফেরত নজরুলের বস্তাবন্দী লাশ গত বৃহস্পতিবার রাতে উদ্ধার করা হয়। এরপর স্ত্রীর পরকীয়ায় বাধা দেওয়ায় তাঁকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়। এ ব্যাপারে নজরুলের আরেক ভাই বিল্লাল হোসেন গত শুক্রবার রাতে সাভার থানায় লিখিত অভিযোগ করলেও পুলিশ মামলায় নজরুলের স্ত্রী ফারজানার নাম বাদ দেয়।মামলার বাদী নিহত নজরুল ইসলামের ভাই বিল্লাল হোসেন অভিযোগ করেন, পরকীয়ার ঘটনা ফাঁস হয়ে পড়ায় তাঁর ভাবি পরিকল্পিতভাবে নজরুলকে খুন করেন। তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছিল। কিন্তু পুলিশ ওই অভিযোগ ছিঁড়ে ফেলে ভাবির নাম বাদ দিয়ে নতুন করে এজাহার লিখে আমাকে স্বাক্ষর দিতে বাধ্য করে।সাভার থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মো. আবুল হোসেন বলেন, দেশে ফেরার পর থেকেই স্ত্রীর সঙ্গে নজরুলের দাম্পত্য কলহ চলছিল। তবে স্ত্রী ফারজানার পরকীয়া ছিল কি না, তা প্রাথমিক তদন্তে জানা যায়নি। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে তাঁকে আটক করা হয়েছে। আজ রোববার তাঁকে ওই ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে। ফারজানাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ জন্য তাঁর তিন দিনের পুলিশ রিমান্ডের আবেদন করা হবে। মামলা দায়েরে কোনো ধরনের প্রভাব খাটানোর অভিযোগ অস্বীকার করেন তিনি।সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান বলেন, ফারজানা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রমাণ পাওয়া গেলে তাঁকে আসামি করা হবে।