সাভারে নারীসহ তিনজন গ্রেপ্তার, ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার
ঢাকার সাভার মডেল থানার পাশের একটি বাসায় সোমবার রাতে অভিযান চালিয়ে নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া ওই বাসা থেকে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: আঁখি বেগম, শুকুর আলী ও আবদুল বাকী। অভিযোগ রয়েছে, আঁখির স্বামী সিদ্দিকুর রহমান দীর্ঘদিন ধরে ফেনসিডিলসহ বিভিন্ন মাদকের ব্যবসা করে আসছিলেন। এলাকায় ‘ফেনসি-সিদ্দিক’ হিসেবে তাঁর পরিচিতি রয়েছে। কিন্তু পুলিশ তাঁকে গ্রেপ্তার করছিল না। গত সোমবার প্রথম আলোতে ‘মডেল থানার পাশেই মাদকের ব্যবসা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।থানা সূত্রে জানা গেছে, প্রতিবেদন প্রকাশের পর ঢাকার পুলিশ সুপার মিজানুর রহমানের নির্দেশে রাতেই ফেনসি-সিদ্দিকের বাড়িতে অভিযান চালানো হয়। তবে সিদ্দিক আগেই সটকে পড়ায় তাঁকে গ্রেপ্তার করা যায়নি। তবে তাঁর স্ত্রী আঁখি ও তাঁদের দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ঘর তল্লাশি করে ওই ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় গতকাল মঙ্গলবার বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। গ্রেপ্তার হওয়া তিনজন ছাড়াও সিদ্দিককে এই মামলার আসামি করা হয়েছে।এজাহারে বলা হয়েছে, আসামিরা দীর্ঘদিন ধরে ফেনসিডিল ব্যবসা করে আসছেন। ফেনসিডিল বিক্রি করে যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন তাঁরা। মাদকসেবীসহ স্থানীয় একাধিক ব্যক্তি বলেন, থানার পাশে বসবাস করেও সিদ্দিক এক যুগের বেশি সময় ধরে ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদকের ব্যবসা করে আসছিলেন। সব তথ্য জানার পরও সিদ্দিকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। এর আগে সিদ্দিক প্রথম আলোকে বলেন, সাভার থানার পুলিশই তাঁকে দিয়ে ফেনসিডিল বিক্রি করায়।এই অভিযোগ অস্বীকার করে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবুল হোসেন বলেন, ‘সিদ্দিক মাদক ব্যবসা করেন, এটা সবাই জানে। কিন্তু তাঁকে হাতেনাতে ধরা সম্ভব হচ্ছে না।’ গ্রেপ্তার ও ফেনসিডিল উদ্ধারের সত্যতা নিশ্চিত করে একই থানার এসআই মুহাম্মদ আশরাফুল আলম গতকাল জানান, সিদ্দিককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।