সাভারে নির্মাণাধীন ট্যানারির ছাদ ধসে সাত শ্রমিক আহত
ঢাকার সাভারের চামড়া শিল্প নগরে নির্মাণাধীন একটি ট্যানারির ছাদ ধসে সাত শ্রমিক আহত হয়েছেন। গতকাল বুধবার হরিণধরা এলাকায় আজিজ ট্যানারিতে এ ঘটনা ঘটে।
আহত শ্রমিকেরা হলেন বকুল (৪২), একরামুল (২৬), ওসমান (২৭), হুমায়ুন (১৮), আলমগীর (১৮), জুয়েল রানা (২৫) ও ফেরদৌস। তাঁদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
চামড়া শিল্প নগর ফাঁড়ির পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল সকাল থেকে আজিজ ট্যানারির একটি ভবনের একতলার ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। বেলা সোয়া একটার দিকে ওই ছাদের অন্তত আট হাজার বর্গফুট অংশ ধসে পড়ে। এ সময় ছাদের নিচে কয়েকজন শ্রমিক আটকা পড়েন। পরে অন্য কারখানার শ্রমিক ও স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে পাশের হেমায়েতপুরের হিলিং এইড হাসপাতালে ভর্তি করান। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযানে অংশ নেয়।
বিষয়টি জানতে পেরে স্থানীয় সাংবাদিকেরা ঘটনাস্থলে গেলে সেখানে কর্মরত আজিজ ট্যানারির সহযোগী প্রতিষ্ঠান বে ট্যানারির প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নিরাপত্তা) মোল্লা মো. আজাহারুল হক তাঁদের ভেতরে ঢুকতে বাধা দেন। পরে পুলিশের সহায়তায় ভেতরে গিয়ে দেখা যায়, পিলারের ওপর দাঁড়ানো একটি ভবনের একতলার ছাদের ঢালাইয়ের কাজ চলছিল। রডের খাঁচাসহ নির্মাণাধীন ওই ছাদ ধসে পড়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী হাসপাতালে চিকিৎসাধীন আহত শ্রমিক ওসমান বলেন, যন্ত্রের সাহায্যে ঢালাইয়ের মিশ্রণ ছাদে তোলা হচ্ছিল। হঠাৎ ছাদের বাঁশ সরে যায়। একপর্যায়ে বাঁশ, কাঠ, রডের খাঁচাসহ সব ধসে পড়ে।
বে ট্যানারির প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (প্রজেক্ট ইনচার্জ) শরিফুল ইসলাম বলেন, কী কারণে ছাদ ধসে পড়েছে তা তদন্ত ছাড়া বলা মুশকিল। ইলিপস ইঞ্জিনিয়ারিং নামের একটি প্রতিষ্ঠানকে ভবন নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছিল। ওই প্রতিষ্ঠানই ছাদ ঢালাইয়ের কাজ করছিল। ঘটনার পর থেকে আহত শ্রমিক ছাড়া ওই প্রতিষ্ঠানটির কাউকে পাওয়া যাচ্ছে না।
সাভার ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, বাঁশের খুঁটি দুর্বল ছিল বলে ধারণা করা হচ্ছে। আর এ কারণে ছাদ ধসে পড়তে পারে।
গতকাল সন্ধ্যায় যোগাযোগ করা হলে চামড়া শিল্প নগর পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদুজ্জামান বলেন, শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলছিল।