সাভারে কাল শেষ হতে পারে উদ্ধারকাজ, নিহতের সংখ্যা বেড়ে ১১২৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারে রানা প্লাজার ধ্বংসস্তূপ সরানোর কাজ শেষ পর্যায়ে। আগামীকাল সোমবারই উদ্ধারকাজ শেষ করার কথা ভাবছে সেনাবাহিনী। এরপর তা ঢাকা জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে। গতকাল শনিবার রাত ১১টা থেকে আজ রোববার সন্ধ্যা ছয়টা পর্যন্ত চারটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান শুরুর পর থেকে আজই সবচেয়ে কম মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে সেনাবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন।
আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত রানা প্লাজা ধসের ঘটনায় নিহত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১২৮ জনে।
ভবনধসের ঘটনায় আজ সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত এক হাজার ১১৬টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ পর্যন্ত জীবিত উদ্ধার করা হয়েছে দুই হাজার ৪৩৮ জনকে। তবে এর মধ্যে ১২ জন চিকিত্সাধীন অবস্থায় হাসপাতালে মারা যান। সব মিলিয়ে মৃতের সংখ্যা এক হাজার ১২৮। এখনো পর্যন্ত জীবিত আছেন দুই হাজার ৪২৮ জন।
সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে ৮৩০টি মৃতদেহ। হস্তান্তরের অপেক্ষায় অধরচন্দ্র বিদ্যালয়ের মাঠ ও বিভিন্ন হাসপাতালের মর্গে রয়েছে ৬৪টি মৃতদেহ। আর জুরাইন কবরস্থানে দাফন করা হয়েছে নাম-পরিচয়হীন ২৩৪টি মৃতদেহ।

এদিকে মৃতদেহের খোঁজে অধরচন্দ্র মাঠে এখনো ঘুরে বেড়াচ্ছেন স্বজনেরা।দুপুরে বগুড়ার সোনাতলার আরশেদা বেগম ও তাঁর পুত্রবধূ কোহিনূর জড়াজড়ি করে কান্নাকাটি করছিলেন অধরচন্দ্রের মাঠে। বিলাপের সুরে আরশেদা বলছিলেন, ‘আমার ছেলেরে আল্লাহ পছন্দ করে নিয়ে গেছে। লাশটা দিলে আল্লাহর কী ক্ষতি হবে? আল্লাহ তুমি লাশটা দাও।’

আরশেদার ছেলে আসাদুল ব্যাপারী রানা প্লাজার সপ্তম তলায় কাজ করতেন। কোহিনূর বলেন, ‘আসাদুলের সঙ্গে চার বছর আগে আমার বিয়ে হয়। একটা ছেলে হয়েছিল। সে-ও মারা গেছে। এখন আমার আর যাওয়ার জায়গা নেই।’

সাভার ব্যাংক কলোনির ফজল ব্যাপারী ও ববিতার ছেলে মনির হোসেন। মনিরের লাশ এখনো পাননি তাঁরা। ববিতা বলেন, ‘সবাই বলছে ঢাকায় গিয়ে ডিএনএ পরীক্ষা করতে। ঢাকা গেলে এর ফাঁকে যদি আমার মনিরের লাশ অধরচন্দ্রের মাঠে চলে আসে, তাহলে তো অন্যরা নিয়ে যেতে পারে। তাই আমি যাচ্ছি না।’

ফজল ব্যাপারী বলেন, ‘শুনেছি উদ্ধার শেষ হয়ে যাবে। সবাই বাড়িতে চলে যাবে। আমি কী নিয়ে বাড়ি যাব। আমি তো আমার মনিরের লাশ এখনো পাইনি।’

অধরচন্দ্র মাঠে স্বজনের লাশ না পেয়ে অভিযান শেষ হয়ে গেলে কী হবে, এই ভেবে অনেক স্বজনহারা ব্যক্তিকে দিশেহারা হয়ে ছোটাছুটি করতে দেখা গেছে।

অনেক স্বজন প্রিয়জনের লাশ পাওয়ার আশায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডিএনএ পরীক্ষার নমুনা জমা দিয়ে এসেছেন। এর পরও অধচরচন্দ্রের মাঠ ছাড়ছেন না তাঁরা।