সাভারে নেশার টাকা না পেয়ে স্ত্রীকে খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারে নেশার টাকা না পেয়ে স্ত্রীকে ছুরিকাঘাত করে হত্যা করেছেন স্বামী। গত বুধবার রাতে সাভার পৌরসভার বনপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মামলা হয়েছে৷ নিহত গৃহবধূ পপি আক্তারের (২৫) স্বামী আক্তার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷
সাভার মডেল থানার পুলিশ জানায়, প্রায় এক যুগ আগে চাঁদপুরের মতলব উপজেলার আক্তার হোসেনের সঙ্গে একই এলাকার আবদুস সালামের মেয়ে পপি আক্তারের (২৫) বিয়ে হয়। তাঁদের ঘরে এক মেয়ে ও এক ছেলে রয়েছে। বছর দুয়েক আগে আক্তার হোসেন মাদকাসক্ত হয়ে পড়েন৷ এতে তাঁদের সংসারে বিপর্যয় নেমে আসে৷ অভাব-অনটন দেখা দেয়। এ কারণে এক বছর আগে পপি সাভারে এসে পোশাক তৈরির একটি কারখানায় অপারেটরের কাজ নেন। থাকতেন সাভার পৌর এলাকার বনপুকুর এলাকায়।
পুলিশ আরও জানায়, বুধবার রাত নয়টার দিকে পপির কাছে নেশা করার জন্য টাকা চান আক্তার৷ তবে পপি টাকা দিতে রাজি না হওয়ায় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে আক্তার বিক্রির জন্য ঘরের তৈজসপত্র নেওয়ার চেষ্টা করলে বাধা দেন পপি। এতে ক্ষিপ্ত হয়ে পপির দুই হাতে ও পেটে ছুরি দিয়ে আঘাত করেন আক্তার। পপির চিৎকার শুনে ওই রাতেই লোকজন এসে তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান৷ গতকাল সকালে তিনি মারা যান।
কয়েকজন প্রতিবেশী বলেন, রাতে আক্তারের বাসায় প্রচণ্ড ঝগড়া হচ্ছিল। একপর্যায়ে পপির চিৎকারে তাঁরা ওই ঘরে গিয়ে রক্তাক্ত অবস্থায় তাঁকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। এ সময় আক্তার দৌড়ে পালিয়ে যান।
আবদুস সালাম বলেন, পপি চাকরি করলেও তাঁর জামাতা বেকার ছিলেন। প্রায় প্রতিদিনই তাঁর মেয়ের কাছ থেকে নেশার টাকা নিতেন। এ নিয়ে তাঁদের মধ্যে কলহ লেগেই থাকত। এর জেরেই ধরেই আক্তার তাঁর মেয়েকে হত্যা করেছেন।
সাভার থানার পরিদর্শক (তদন্ত) দীপক চন্দ্র সাহা বলেন, পপিকে হত্যার ঘটনায় তাঁর বাবা আবদুস সালাম গতকাল বৃহস্পতিবার সাভার মডেল থানায় মামলা করেন। এর পরপরই আক্তার হোসেনকে গ্রেপ্তার করা হয়।