সাভারে পরিবহন স্ট্যান্ড ও বাজারের নামে মহাসড়ক, ফুটপাত ইজারা!
রাজধানীর অদূরে সাভারের বাসস্ট্যান্ড এলাকায় যানবাহনের জন্য পৌরসভার নির্ধারিত কোনো স্ট্যান্ড কিংবা কাঁচাবাজার নেই। কিন্তু এর পরও পরিবহন স্ট্যান্ড ও বাজারের নামে ঢাকা-আরিচা মহাসড়ক এবং সংলগ্ন ফুটপাত ইজারা দিচ্ছে পৌর কর্তৃপক্ষ। আর এতে করে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ জনগণকে।পৌর কর্তৃপক্ষ বলছে, বাসস্ট্যান্ড এলাকায় কাঁচাবাজার ও বাসস্ট্যান্ডের অস্তিত্ব না থাকলেও পূর্বের ধারাবাহিকতায় নতুন বছরের জন্য ইজারার উদ্যোগ নেওয়া হয়েছে।জানা গেছে, বাংলা ১৪১৯ সনের জন্য সাভার বাসস্ট্যান্ডসংলগ্ন যানবাহন ও কুলিস্ট্যান্ড এবং বাসস্ট্যান্ড কাঁচাবাজারসহ পৌর এলাকার ১৯টি হাটবাজার, যানবাহন স্ট্যান্ড, শৌচাগার ও বালুঘাট ইজারা দেওয়ার জন্য সম্প্রতি দরপত্র আহ্বান করেছে সাভার পৌরসভা কর্তৃপক্ষ।দরপত্র বিজ্ঞপ্তিতে প্রতিটি হাটবাজার ও যানবাহন স্ট্যান্ডের ইজারার জন্য কাঙ্ক্ষিত মূল্যও নির্ধারণ করে দেওয়া হয়েছে। এর মধ্যে সাভার বাসস্ট্যান্ডসংলগ্ন যানবাহন ও কুলিস্ট্যান্ড এক বছরের ২২ লাখ ৩০ হাজার টাকা, আর কাঁচাবাজারের কাঙ্ক্ষিত মূল্য নির্ধারণ করা হয়েছে পাঁচ লাখ টাকা। গতকাল সোমবার ছিল শিডিউল জমা দেওয়ার শেষ দিন।পৌরসভা সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, বেশ কয়েক বছর ধরেই পৌরসভা থেকে কথিত যানবাহন ও কুলিস্ট্যান্ডসহ কাঁচাবাজার ইজারা দেওয়া হচ্ছে। ক্ষমতাসীন দলের নেতা-কর্মীসহ প্রভাবশালীরা স্ট্যান্ড ও বাজারের নামে মহাসড়ক ও ফুটপাত ইজারা নিয়ে যানবাহন ও দোকান থেকে ইচ্ছেমতো চাঁদা আদায় করে থাকেন।গতকাল সোমবার সরেজমিনে দেখা যায়, সাভার বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক এবং সড়কের উভয় পাশে জনসাধারণের চলাচলের জন্য রয়েছে ফুটপাত। ওই ফুটপাত ও সংলগ্ন মহাসড়কের আংশিক জুড়ে বসেছে বাজার। এখানে মাছ, মাংস, মসল্লা, সবজি, ফল ও পোশাকসহ বিভিন্ন পণ্যের প্রায় তিন হাজার দোকান রয়েছে। মূলত ওই বাজার ও সংলগ্ন মহাসড়কই ইজারা দেওয়া হচ্ছে। ব্যবসায়ীরা জানান, প্রতিটি দোকান থেকে প্রতিদিন পৌরসভার ট্যাক্স বাবদ ২০ টাকা, খাজনার নামে ২০ টাকা, মসজিদের জন্য পাঁচ টাকা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য পাঁচ টাকা হারে মোট ৫০ টাকা আদায় করা হয়। এ ছাড়া বাসস্ট্যান্ড এলাকায় বাজার রোডের মোড়, সিটি সেন্টার, রাজ্জাক প্লাজা, মাশরুম সেন্টার, রেডিও কলোনি, নিউমার্কেট, উড়ালসেতু ও রানা প্লাজার সামনে বিভিন্ন যানবাহন থেকে ২০ টাকা থেকে ৫০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়। এসব চাঁদা আদায় করেন পৌরসভা থেকে ইজারাপ্রাপ্ত ব্যক্তিসহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা। সূত্র জানায়, আদায়কৃত এসব চাঁদার ভাগ যায় রাজনৈতিক দলের প্রভাবশালী কতিপয় নেতা ও পুলিশের পকেটে। আর ভোগান্তি পোহাতে হয় যাত্রী ও পথচারীদের।যোগাযোগ করা হলে সাভার পৌরসভার মেয়র মো. রেফাত উল্লাহ গতকাল প্রথম আলোকে বলেন, ‘বাসস্ট্যান্ড এলাকায় কাঁচাবাজার ও পরিবহন স্ট্যান্ডের অস্তিত্ব না থাকলেও আগের ধারাবাহিকতায় প্রতিবছর ইজারা দেওয়া হচ্ছে।’