সাভারে পরিবেশ বান্ধব চামড়া শিল্পনগরের দাবি
ঢাকার সাভারে পরিবেশবান্ধব চামড়া শিল্পনগর গড়ে তোলার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল শনিবার শিল্পনগরের ভেতরে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের সামনে এ মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেন এলাকার লোকজন।
গতকাল দুপুর ১২টার দিকে স্থানীয় তেতুলঝোড়া ইউনিয়নের ঝাউচর, হরিণধারা ও কানারচর গ্রামের বাসিন্দারা শিল্পনগরের ভেতরে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের সামনে মানববন্ধন করেন। ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে অংশগ্রহণকারীরা পরিবেশবান্ধব চামড়া শিল্পনগর গড়ে তোলার জোর দাবি জানান।
স্থানীয় ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য (ইউপি সদস্য) শাহ্ আলম বলেন, কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার পুরোপুরি চালু না হলেও বেশ কয়েকটি ট্যানারিতে উৎপাদন শুরু হয়েছে। এসব কারখানার তরল বর্জ্য শোধন না করে রাতের আঁধারে শিল্পনগরের পাশে ধলেশ্বরী নদীতে ফেলা হচ্ছে। ফলে নদীসহ এলাকায় দূষণ ছড়াচ্ছে। দূষণের কারণে নদীর মাছ মরে ভেসে উঠছে। শাহ্ আলম বলেন, এসব বিষয়ে চামড়া শিল্পনগর কর্তৃপক্ষের কাছে অভিযোগ করার পরও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
চামড়া শিল্পনগরের পাশের এলাকার বাসিন্দা ব্যবসায়ী মনির হোসেন বলেন, নালা উপচে তরল বর্জ্য শিল্পনগরের ভেতরের সড়কসহ পাশের এলাকায় গিয়ে পড়ছে। আর বর্জ্য শোধন না করে শিল্পনগরের ভেতরে খোলা জায়গায় জমা করা হচ্ছে। ওই সব বর্জ্যের তীব্র গন্ধে এলাকায় থাকা কষ্টকর হয়ে পড়েছে। মনির হোসেন বলেন, ‘আমরা ধলেশ্বরী নদীকে বুড়িগঙ্গা হতে দেব না।’