সাভারে পরিবেশদূষণের প্রতিবাদে মানববন্ধন
ঢাকার সাভারে কারখানার তরল বর্জ্যে পরিবেশদূষণ ও আবাদি জমি বিনষ্ট হওয়ার প্রতিবাদে ভুক্তভোগী ব্যক্তিরা গতকাল বুধবার মানববন্ধন ও সমাবেশ করেছেন। কর্মসূচি থেকে কারখানাগুলোতে তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) চালুর দাবি জানানো হয়।
গতকাল সকাল থেকেই সাভারের কৃষ্ণপুর এলাকায় লোকজন জড়ো হতে থাকেন। সকাল সাড়ে ১০টার দিকে তাঁরা কৃষ্ণপুর সেতুর পাশে দাঁড়িয়ে মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন শেষে একই স্থানে সমাবেশে উপজেলা কৃষক লীগের নেতা ও স্থানীয় জনপ্রতিনিধিসহ ভুক্তভোগী লোকজন বক্তব্য দেন।
বাংলাদেশ কৃষক লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক সৈয়দ সাগিরুজ্জামান বলেন, কৃষ্ণপুর এলাকার হাই পয়েড, ড্রেস-আপ, আজিম গ্রুপ, পূর্ব রাজাসনের ভিশন গার্মেন্টস, সুইস কোয়ালিটি (বিডি), মারহাবা, জিঞ্জিরা এলাকার সিপিএমসহ বেশ কয়েকটি কারখানার তরল বর্জ্যে সাভার পৌর এলাকাসহ সাভার সদর ও বিরুলিয়া ইউনিয়নের ১৪টি গ্রামের পরিবেশ দূষিত হচ্ছে। এসব কারখানায় বর্জ্য শোধনাগার বন্ধ রেখে তরল বর্জ্য বাইরে ফেলা হচ্ছে। বর্জ্যের কারণে অনেকেই চর্মরোগে আক্রান্ত হচ্ছে।
সাগিরুজ্জামান বলেন, এলাকার পরিবেশ রক্ষার পাশাপাশি কৃষকদের জমি আবাদযোগ্য করার জন্য অনতিবিলম্বে কারখানাগুলোতে ইটিপি চালু করতে হবে। এ ছাড়া দখলমুক্ত করে খালের প্রবাহ ফিরিয়ে আনতে হবে।
সাভার সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সোহেল রানা বলেন, এলাকার ভেতর দিয়ে প্রবাহিত খাল অবৈধভাবে দখল হয়ে যাওয়ায় পানির প্রবাহ বন্ধ হয়ে গেছে। এর ফলে কারখানাগুলো থেকে বের হওয়া তরল বর্জ্যে এলাকার আবাদি জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতার কারণে ওই সব জমি আবাদহীন হয়ে পড়েছে। ইউপি সদস্য শুকুর আলী বলেন, জমিতে তরল বর্জ্য জমে থাকায় কৃষকেরা তাঁদের জমিতে আবাদ করতে না পেরে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
দক্ষিণ কৃষ্ণপুর গ্রামের কৃষক আবদুল হাই বলেন, হাই পয়েডের পাশে তাঁর চার বিঘা আবাদি জমি রয়েছে। কারখানার তরল বর্জ্য জমে থাকায় তিনি ওই জমিতে চাষাবাদ করতে পারেন না। কারখানা কর্তৃপক্ষকে একাধিকবার বিষয়টি জানানোর পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
একই এলাকার কৃষক আবদুল হামিদ বলেন, তাঁর জমিতে জমে থাকা তরল বর্জ্যের কারণে তিনি জমিতে যেতে পারেন না। জমিতে নামলেই শরীরে চর্মরোগ হয়।
এসব অভিযোগের বিষয়ে কথা বলার জন্য গতকাল হাই পয়েড ও ড্রেস-আপসহ কয়েকটি কারখানায় গেলেও নিরাপত্তাকর্মীদের বাধার কারণে ভেতরে ঢোকা সম্ভব হয়নি।