ঢাকার সাভারে কোরবানির পশুর একটি হাটের ইজারা নিয়ে সংঘর্ষের আশঙ্কায় আবদুল আলীম ওরফে সোহাগ নামের এক ব্যক্তিকে গত সোমবার রাতে আটক করে পুলিশ। পরে গতকাল মঙ্গলবার রাত পৌনে আটটার দিকে তাঁকে ছেড়ে দেওয়া হয়। জেলা প্রশাসকের অনুমতি না নেওয়ায় ওই হাটের ইজারা কার্যক্রম গতকাল বন্ধ করে দেওয়া হয়েছে।
সোহাগ স্থানীয় সাংসদ এনামুর রহমানের স্ত্রীর খালাতো ভাই। তাঁর অভিযোগ, সাভার পৌর এলাকার কোরবানির পশুর একমাত্র অস্থায়ী হাটের ইজারা নিয়ে সাংসদের ভাইয়ের সঙ্গে দ্বন্দ্বের জের ধরেই তাঁকে পুলিশ দিয়ে আটক করানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দায়িত্বে থাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. যুবায়ের প্রথম আলোকে বলেছেন, অনুমোদন না থাকায় সাভার পৌরসভা কর্তৃক পশুর হাটের ইজারা কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, পৌর এলাকার কোরবানির ঈদের পশুর অস্থায়ী হাটের ইজারা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়তে পারেন—এই আশঙ্কায় সোহাগকে আটক করা হয়েছিল। কিন্তু ইজারা কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
এর আগে সোহাগকে আটকের বিষয়ে একই থানার উপপরিদর্শক (এসআই) শাহীন মোল্লা বলেছিলেন, সোমবার দিবাগত রাত তিনটার দিকে পুলিশের গাড়ি দেখে সোহাগ দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় পৌর এলাকার পর্বতীনগর থেকে তাঁকে আটক করা হয়।
তবে সোহাগ বলেন, গরুর হাটের ইজারা নিয়ে সাংসদের ভাই মনিরুজ্জামানের সঙ্গে দ্বন্দ্বের জেরে তাঁকে বাসা থেকে আটক করে পুলিশ। পরে তাঁকে থানাহাজতে রাখা হয়। সোহাগের অভিযোগ অস্বীকার করেছেন মনিরুজ্জামান।
পৌরসভা সূত্রে জানা গেছে, নিজ দায়িত্বে জায়গার ব্যবস্থা করার শর্ত দিয়ে গত ১৮ আগস্ট পৌর এলাকায় কোরবানির পশুর হাটের দরপত্র আহ্বান করা হয়। প্রথম দফায় ১ সেপ্টেম্বর পর্যন্ত দরপত্র ক্রয় ও ২ সেপ্টেম্বর ছিল দরপত্র জমা দেওয়ার শেষ দিন। কিন্তু এর আগেই ২৫ আগস্ট জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এ কে এম আমিনুর রহমান এক পত্রে জেলা প্রশাসকের অনুমতি ছাড়া কোরবানি উপলক্ষে পশুর অস্থায়ী হাট বসাতে বারণ করেন। এরপরও অনুমতি না নিয়েই আরও দুই দফায় দরপত্র-প্রক্রিয়া সম্পন্ন করে পৌর কর্তৃপক্ষ। গতকাল ছিল তৃতীয় দফার দরপত্র জমা দেওয়ার শেষ দিন।
গতকাল পর্যন্ত পাঁচটি দরপত্র জমা পড়ে। যদিও বিক্রি হয়েছিল ২২টি। এদিকে দরপত্র-প্রক্রিয়া সম্পন্ন হলেও পৌর কর্তৃপক্ষ ইজারাসংক্রান্ত কোনো আদেশ দিতে পারেনি।
গতকাল ইউএনওর এক পত্রে বলা হয়, ঈদুল আজহা উপলক্ষে জেলা প্রশাসন থেকে সাভার উপজেলার শিমুলিয়া, ধামসোনা ও আশুলিয়া ইউনিয়নে কোরবানির পশুর চারটি অস্থায়ী হাটের অনুমতি পাওয়া গেছে।